জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল (IPL 2026) পুজোর প্রস্তুতিতে এখন মাতোয়ারা আবুধাবি। মরুশহরে চলছে নিলাম (IPL Auction 2026)। আর মিনি নিলাম যুদ্ধের ওপেনিং সেটেই বাজিমাত কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Rider)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সঙ্গে দর কষাকষির মরিয়া লড়াইয়ে শেষ হাসি হাসল শাহরুখ খানের (Shah Rukh Khan) ফ্র্যাঞ্চাইজি। ব্যাংক ভেঙে কলকাতা নিল অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে (Cameron Green)।
আইপিএল ইতিহাস ক্যামেরন গ্রিনের
৬৪.৩০ কোটি টাকা নিয়ে নিলামে বাজার করতে এসে, আকাশছোঁয়া ২৫. ২০ কোটি টাকায় গ্রিনকে নিল তিনবারের চ্যাম্পিয়ন টিম। লিগের ইতিহাস বলছে এখন গ্রিনই সর্বাধিক দাম পাওয়া বিদেশি ক্রিকেটার। এর আগের ইতিহাসেও নাম ছিল কেকেআর এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটারের। ২০২৪ সালের নিলামে কেকেআর মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় নিয়েছিল। অজি স্পিডস্টারকে ছাপিয়েই নতুন ইতিহাস সতীর্থ গ্রিনের।
আরও পড়ুন: ₹৮১৮০ কোটির ঝুঁকি! ভারতে কেন খেললেন না মেসি! কোন শর্তে কিংবদন্তির ‘পায়ে বেড়ি’?
চর্চায় ছিলেন ক্যামেরন গ্রিন
মরুশহরে ক্যামেরন গ্রিনই যে যুদ্ধ বাঁধাবেন, তা আগেই ওয়াকিবহাল মহল বলে দিয়েছিল। গ্রিনের অসাধারণ টি-টোয়েন্টি পরিসংখ্যানের সঙ্গেই পাওনা তাঁর সাম্প্রতিক দুর্দান্ত আন্তর্জাতিক ফর্ম। টপ অর্ডারে গ্রিনের ব্যাটিং ফ্লেক্সিবিলিটিই নিলামে তাঁকে অন্যতম আকর্ষণীয় করে তুলেছিল। পেস বোলিং অলরাউন্ডারের খোঁজে ছিল কেকেআর, তাই কলকাতা নিল গ্রিনকে। ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো গেমচেঞ্জার গ্রিন। তিনি কলকাতার দীর্ঘমেয়াদী বিনিয়োগ হতে পারে। গ্রিনের আইপিএল বায়োডেটা বলছে যে, ২০২৩ সালের নিলামে তিনি দ্বিতীয় সর্বাধিক দামি খেলোয়াড় হয়েছিলেন। তখন মুম্বই ইন্ডিয়ান্স ১৭.৫ কোটি টাকায় দলে নিয়েছিল। এক বছর পরেই যদিও নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি তাঁকে এই দামেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ট্রেড করে দেয়। ২০২৩ এবং ২০২৪ আইপিএল মিলিয়ে গ্রিন মোট ২৯ ম্যাচে ১৫৩.৭০-র স্ট্রাইক রেটে ৭০৭ রান করেছেন।
আরও পড়ুন: আইপিএল নিলামের আগে দেখে নিন ১০ দলের ক্রিকেটারদের পুরো তালিকা…
কেন পুরো বেতন পাবেন না গ্রিন?
গত বছর আইপিএলে ভারতীয় খেলোয়াড়দের অগ্রাধিকার দিতে একটি নিয়মে এক গুরুত্বপূর্ণ বদল এসেছে। যে নিয়মে কোনও বিদেশী খেলোয়াড়ের বেতন একজন ভারতীয় খেলোয়াড়ের সর্বোচ্চ রিটেনশন ফির সমান করে সীমাবদ্ধ করা হয়েছে। গত বছরের আইপিএল মেগা-নিলামের কথা বিবেচনা করে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে ঋষভ পন্থ সর্বাধিক দাম পেয়েছিলেন। সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস তাঁকে ২৭ কোটি টাকায় দলে নিয়েছিল অধিনায়ক করে। এখন যদি কোনও বিদেশী খেলোয়াড় ৩০ কোটি টাকাও দাম পাবেন। তাহলে তিনি বেতনের পুরো অর্থ পাবেন না। পরিবর্তে খেলোয়াড়কে পন্থের নিলাম মূল্যের সমান ২৭ কোটি টাকা দেওয়া হবে এবং বাকি ৩ কোটি টাকা বিসিসিআই-এর কাছে জমা থাকবে। মিনি-নিলামের ক্ষেত্রে, এই সীমা একজন ভারতীয় খেলোয়াড়ের সর্বোচ্চ রিটেনশন ফির সঙ্গে যুক্ত। উদাহরণস্বরূপ বিরাট কোহলিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২১ কোটি টাকায় ধরে রেখেছে। তবে, যেহেতু সর্বোচ্চ রিটেনশন স্ল্যাবটি আনুষ্ঠানিক ভাবে ১৮ কোটি টাকায় নির্ধারিত। তাই এই বছরের মিনি-নিলামে একজন বিদেশি খেলোয়াড় সর্বোচ্চ ১৮ কোটি টাকাই উপার্জন করতে পারবেন। এর অতিরিক্ত যা কিছু তিনি উপার্জন করবেন তা খেলোয়াড়দের কল্যাণে সহায়তার জন্য সরাসরি বিসিসিআই-এর কোষাগারে জমা হবে। যার মানে দাঁড়াচ্ছে গ্রিনের ২৫ কোটির ভিতর ৭.২০ কোটি টাকা কেটেই বেতন দেওয়া হবে। মানে গ্রিন পাবেন ১৭.৮ কোটি টাকা। ২ কোটি টাকার বেস প্রাইজে ছিলেন তিনি।
আরও পড়ুন: ৭৭ শূন্যপদে লড়াই ৩৫৯ প্রার্থীর! কে কত টাকা নিয়ে বাজারে? কখন কোথায় দেখবেন নিলাম?
এই নিয়ম কেন উপরের দিকেই?
এই নিয়ম পরিবর্তনের পিছনে ফ্র্যাঞ্চাইজিগুলোরই ভূমিকা রয়েছে। অনেকেই বিদেশি খেলোয়াড়দের বেছে বেছে মিনি-নিলামে অংশ নিয়ে চড়া দাম হাঁকানোর বিষয়ে অসন্তুষ্ট ছিলেন। এই উদ্বেগের কারণেই বিসিসিআই দু’টি পদক্ষেপ নিতে বাধ্য হয়। প্রথমত বোর্ড কৌশলগত ভাবে নিলাম বেছে নেওয়ার বিষয়টি নিয়ে কাজ করেছে। নতুন নিয়ম অনুযায়ী কোনও খেলোয়াড় নিবন্ধনের পর নিলাম থেকে নাম প্রত্যাহার করলে তাঁকে আইপিএল থেকে দু’বছরের জন্য নিষিদ্ধ করা হবে। এছাড়াও যে সমস্ত বিদেশি খেলোয়াড় মেগা-নিলামে অংশ নেন না, তাঁদের আর মিনি-নিলামে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। দ্বিতীয় পদক্ষেপ নিয়েই এখন তীব্র বিতর্ক হচ্ছে। এটি সরাসরি আলোচিত বেতনসীমার সঙ্গে সম্পর্কিত। নিয়ম অনুসারে একজন বিদেশি ক্রিকেটারের নিলামের পারিশ্রমিকের যে অংশ সর্বোচ্চ বেতনভোগী ভারতীয় খেলোয়াড়ের অঙ্কের চেয়ে বেশি হবে, তা খেলোয়াড়দের কল্যাণের জন্য বিসিসিআই-এর কাছে হস্তান্তর করা হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
