EPFO 3.0 : ব্যাঙ্কের মতো প্রভিডডেন্ট ফান্ডের (Provident Fund New Rule) টাকা তোলা যাবে এটিএম (ATM) থেকে। ইউপিআই-(UPI) এর মাধ্যমেও তুলতে পারবেন পিএফের (PF) টাকা। আগামী দিনে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের (EPFO 3.0) নয়া সংস্করণের পরই কর্মীরা পাবেন এই সুবিধা। সেই ক্ষেত্রে ঠিক কত পরিমাণ টাকা তুলতে পারবেন প্রভিডেন্ট ফান্ড থেকে ?
UMANG অ্য়াপের মাধ্যমে প্রথমে সুবিধা
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের নতুন সংস্করণের প্রাথমিক পর্যায়ে সুবিধা পাওয়া যাবে UMANG অ্য়াপ থেকে। পরে সব প্লাটফর্মে এই সুবিধা ভোগ করতে পারবেন, সংগঠনের কর্মী, নিয়োগ কর্তা ছাড়াও পেনশন প্রাপকরা।
কবে থেকে চালু হবে এই পরিষেবা
বিভিন্ন সংবাদ মাধ্য়মের রিপোর্ট বলছে, চলতি বছরের মাঝামাঝি এই EPFO 3.0 নয়া সংস্করণ চালু হতে পারে দেশে। সেই ক্ষেত্রে প্রথমেই পাওয়া যাবে না সব আপডেট। এক এক করে ধাপে ধাপে সম্পূর্ণ হবে এই প্রক্রিয়া। তবে এই নতুন সংস্করণে কর্মীরা পাবেন সবথেকে বেশি সুবিধা। যেখানে এটিএম, ইউপিআইয়ের মাধ্যমে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা। এর জন্য আলাদা করে অফিসে যেতে হবে না কর্মীকে। থাকবে না টাকা তোলার জন্য বার-বার অফিসে যাওয়ার ঝঞ্ঝাট। EPFO 3.0 পোর্টাল বা UMANG অ্য়াপের মাধ্যমে টাকা তোলার একটা আবেদনেই হয়ে যাবে সব কাজ।
ATM, UPI-এর মাধ্যমে কত টাকা তোলা যাবে
এখনও এই বিষয়ে সরকারিভাবে কোনও টাকার পরিমাণ নিশ্চিত করা হয়নি। তবে লাইভ মিন্টের রিপোর্ট রিপোর্ট বলছে, ATM, UPI-এর মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের সব টাকা তোলা যাবে না। এই ক্ষেত্রে পিএফ ব্যালেন্সের সর্বোচ্চ ৫০ শতাংশ টাকা তুলতে পারবেন কর্মীরা। মূলত, কর্মীদের সঞ্চয়ের বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এই বিষয়ে কী বলেছেন মন্ত্রী
গত বছরই এই বিষয়ে মুখ খোলেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি জানান, ATM, UPI-এর মাধ্যমে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার পরিমাণ পিএফ তহবিলের সর্বোচ্চ শতাংশ হতে পারে। সেই ক্ষেত্রে প্রতিবার লেনদেনের সীমা ২৫,০০০ টাকার মধ্যে থাকতে পারে। গত ডিসেম্বরে এই বিষয়ে একটি টিভি চ্য়ানেলকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী বলেন, ”আপনারা এখনও পিএফ-এর ৭৫ শতাংশ টাকা তুলতে পারেন। মার্চ ২০২৬ সালের মধ্যে সরকার ইপিএফে একটা নতুন বৈশিষ্ট্য় যোগ করতে চলেছে। যার মাধ্যমে গ্রাহকরা সহজেই এটিএমের মাধ্যমে পিএফের টাকা তুলতে পারবেন। ইপিএফ-এর সঙ্গে ইউপিআই জুড়ে দেবে সরকার।”
