জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য। একথা দিনের আলোর মতোই পরিষ্কার। তবে ভুটানি স্পিনার সোনম ইয়েশে (Bhutan Spinner Sonam Yeshey Scripts History) যা করে দেখালেন, তা ভাঙা কার্যত ‘অসম্ভব’ হয়ে গেল! পুরুষদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এক ইনিংসে এখনও পর্যন্ত সেরা বোলিং পরিসংখ্যান ছিল ৭ উইকেটের। মাত্র দু’জন বোলারই পেরেছিলেন একাই ৭ উইকেট তুলে নিতে। সায়াজরুল ইদরুস (২০২৩ সালে চিনের বিরুদ্ধে মালয়েশিয়ার হয়ে ৮ রানে ৭ উইকেট) এবং আলি দাউদের (২০২৫ সালে ভুটানের বিরুদ্ধে বাহরিনের হয়ে ১৯ রানে ৭ উইকেট) দর্পচূর্ণ করে দিলেন সোনম। তিনি ১১ উইকেটের ভিতর একাই শিকার করেছেন ৮ উইকেট। তাও আবার মাত্র ৭ রান দিয়ে! অবিশ্বাস্য বললেও কম বলা হবে।
কবে কোথায় লেখা হল ইতিহাস
ঘটনাচক্রে সোনমের নাম এর আগে কারোর জানা ছিল না। তারপর অতি বড় ক্রিকেট সমর্থকও মায়ানমার-ভুটানের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের খবরও রাখেননি। যা ভুটান ৫-০ ব্যবধানে জিতেছে। সেই সিরিজেরই তৃতীয় ম্যাচ ছিল ভুটানের গেলেফু আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে। গত ২৬ ডিসেম্বরের খেলায়, মায়ানমার টস জিতে ভুটানকে ব্যাট করতে পাঠিয়েছিল। থিনলে জামতশোর দল ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৭ রানই তুলতে পেরেছিল অনেক কষ্ট করে। কিন্তু কে জানত যে, এই রানই মায়ানমারের কাছে পাহাড় প্রমাণ হয়ে যাবে। কে বুঝেছিল যে, সোনম একাই যা করার করে দেবেন। ৯.২ ওভারের ভিতর খেলা শেষ করে দিলেন। প্রতিপক্ষকে নিশ্চিহ্ণ করে দিলেন মাত্র ৪৫ রানে। সোনম ৪ ওভার হাত ঘুরিয়েই শেষ করে দেন মায়ানমারকে। আর তার সঙ্গেই ইতিহাসে নিজের নাম লিখিয়ে নেন। ‘এক অবিস্মরণীয় বোলিং স্পেল! সোনম ইয়েশের ৪ ওভারে ৭ রানে ৮ উইকেট নেওয়ার অবিশ্বাস্য পারফরম্যান্সটি বিশ্বরেকর্ড হিসেবে লিপিবদ্ধ হল’ ভুটান ক্রিকেট তাদের এক্স অ্যাকাউন্টে এই পোস্ট করেছে।
আরও পড়ুন: পন্থ নেই আর পরিকল্পনায়, ভারতীয় দলের দরজা বন্ধ চিরতরে! নীল নকশায় ২৭ বছরের এই স্টার!
সোনম যা করলেন তা কেউ পারেননি
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ বলেই নয়, পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে আর কেউ আট উইকেট শিকার করতে পারেননি। টি-টোয়েন্টিতে মাত্র দুজন খেলোয়াড় সাত উইকেট নিয়েছেন। কলিন অ্যাকারম্যান (২০১৯ সালে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে লিসেস্টারশায়ারের হয়ে ১৮ রানে ৭ উইকেট) এবং তাসকিন আহমেদ (২০২৫ সালে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে দুর্বার রাজশাহীর হয়ে ১৯ রানে ৭ উইকেট)। ২২ বছর বয়সী সোনম ২০২২ সালের জুলাই মাসে বাংগিতে মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিআইতে অভিষেক করেছিলেন। এরপর থেকে ভুটানের এই স্পিনার ৩৪ ম্যাচ ও ৩৩ ইনিংসে ১৭.৩৭ গড় এবং ৫.৬৯ ইকোনমি রেটে ৩৭ উইকেট নিয়েছেন। সংক্ষিপ্ততম ফরম্যাটে তাঁর একটি চার উইকেট এবং একটি পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে।
আরও পড়ুন: ৫৪৬৮ দিনের খরা কাটল, মেলবোর্নে ইংল্যান্ডের মিরাকল! বিতর্কিত বাজবলই দিল ডিভিডেন্ড…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
