জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাম্প্রতিক ইতিহাসে স্পোর্টস দুনিয়ার সবচেয়ে চমকে দেওয়া ক্রসওভার চুক্তি স্রেফ সময়ের অপেক্ষা! এমনই রিপোর্ট একাধিক মিডিয়ার। প্রিমিয়র লিগ জায়ান্ট ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) এবার আইপিএলের দুনিয়া পা রাখছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হাত ধরে। ম্যান ইউ-র (Man Utd) সহ-মালিক আব্রাম গ্লেজার (Avram Glazer) আরসিবি (RCB) কেনার জন্য বিশাল দর দিয়েছেন। গতবছর রজত পাতিদারের (Rajat Patidar) নেতৃত্বে ১৮ বছর পর শাপমোচন হয়েছে এই স্টার ফ্র্যাঞ্চাইজির। বিরাট কোহলিরা (Virat Kohli) অবশেষে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এখানেই শেষ নয়, স্মৃতি মন্ধানার আরসিবি দু’বার উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL) জিতেছে।
গ্লেজারের ১৬৩,০০০,০০০,০০০ টাকার অফার!
রিপোর্ট বলছে, গ্লেজার তাঁর বিনিয়োগ সংস্থা ল্যান্সার ক্যাপিটালের মাধ্যমে আরসিবি কেনার জন্য ১.৮ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬ হাজার ৩০০ কোটি টাকা) মূল্যের প্রস্তাব জমা দিয়েছেন! যার ফলে আরসিবি কেনার দৌড়ে সবচেয়ে শক্তিশালী নাম হিসেবে এগিয়ে এসেছেন গ্লেজার। দেশের বাইরেও এবার প্রতিযোগিতার দরজা খুলে দিয়েছে। আরসিবির বর্তমান মালিক ডিয়াজিও (ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মাধ্যমে) শিরোপা জয়ের কয়েক মাস পরেই গত নভেম্বরে ফ্র্যাঞ্চাইজি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল। ওদিকে ভারতীয় ফার্মা ব্যবসায়ী আদর পুনাওয়ালা সহ-৯ জনেরও বেশি দরদাতা আগ্রহ দেখিয়েছেন।
আরও পড়ুন: বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নোরার নাচ, বাদশার গান, ঋষভের সেতার! কবে কখন কোথায় কীভাবে দেখবেন?
কেন আরসিবি বিক্রি হচ্ছে?
আরসিবি বহু প্রতীক্ষিত আইপিএল জেতার পরেই নতুন চিন্তাভাবনার জন্ম দিয়েছে। এবং জানা গিয়েছে যে ডিয়াজিও সংস্থা সিদ্ধান্ত নিয়েছে যে চ্যাম্পিয়ন হওয়ার পরের সময়টাই বিক্রির বিষয়টি খতিয়ে দেখার জন্য সেরা সময়। ফ্র্যাঞ্চাইজি হিসেবে আরসিবি আইপিএল-এর অন্যতম জনপ্রিয় দল এবং বর্তমানে এই দলেরই সর্বোচ্চ বাজার চাহিদা। আইপিএল দলগুলিকে ক্রমবর্ধমানভাবে বড় ব্যবসায়িক সম্পদ হিসেবে দেখা হচ্ছে এবং আরসিবি এই লিগের সবচেয়ে মূল্যবান দলগুলির মধ্যে অন্যতম।
আরসিবি যা যা প্রস্তাব দিয়েছে
আইপিএল-এর অন্যতম বড় ফ্যানবেস
শক্তিশালী স্পনসরশিপ এবং ব্র্যান্ডিং ক্ষমতা
সফল পুরুষ ও মহিলা দল
ট্রফি জেতার পর ব্যাপক দর বৃদ্ধি
ম্যান ইউনাইটেড কি আরসিবি কিনতে পারবে?
আপাতত গ্লেজারের প্রস্তাব ‘নন বাইন্ডিং’ বলেই জানা গিয়েছে, যার অর্থ এখনও কোনও চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়নি। তবে গ্লেজারের দরপত্র আরও চারটি দরপত্রের সঙ্গে সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছে। যার অর্থ গ্লেজার আলোচনার পরবর্তী পর্যায়ে পৌঁছেছেন। আরসিবি-র কেনার দর কষাকষিও ছিল অত্যন্ত প্রতিযোগিতামূলক। ১ বিলিয়ন থেকে ১.৮ বিলিয়ন ডলার পর্যন্ত! এবং ম্যান ইউ-র মূল্যায়ন ছিল সর্বোচ্চগুলির মধ্যে একটি।
গ্লেজার পরিবার অর্থের গদিতেই
চুক্তি সম্পন্ন হলে আরসিবি-র আইপিএল পুরুষ দলের পাশাপাশি আরসিবি-র ডব্লিউপিএল মহিলা দলের মালিকানাও থাকবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। গ্লেজার ইতিমধ্যেই ল্যান্সার ক্যাপিটালের মাধ্যমে ক্রিকেটে বিনিয়োগ করেছে, যা আমরিশাহীর আইএলটি২০ লিগের ডেজার্ট ভাইপার্স দলের মালিক গ্লেজার। ম্যান ইউনাইটেড বিশ্ব ক্রীড়া জগতের অন্যতম ধনী ক্লাব, যার মূল্য প্রায় ৪.৯ বিলিয়ন পাউন্ড, এবং জানা গিয়েছে যে গ্লেজার পরিবারের সম্পদ ২০২৫ সালের শুরুতে ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
