নান্টু হাজরা ও অর্ণবাংশু নিয়োগী: ‘মেসি গোট ইন্ডিয়া ট্যুর’ (GOAT India Tour 2025)- এর মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে (Satadru Dutta) গতকাল (১৩ ডিসেম্বর)কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করেছিল পুলিস। রবিবার অর্থাৎ আজ ১৪ ডিসেম্বর শতদ্রুকে বিধাননগর আদালতে পেশ করে পুলিস।
অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল পুলিসের তরফে। স্বতঃপ্রনোদিত মামলা করেছিল পুলিস। আদালত শতদ্রুকে ১৪ দিনের পুলিস হেফাজের নির্দেশ দিয়েছে। এদিন শতদ্রুকে আদালতে তোলার সময়ে আদালত চত্বরে বিজেপি (BJP) বিক্ষোভ দেখিয়েছে, পতাকা হাতে স্লোগান দেয়। যার ফলে তীব্র উত্তেজনা তৈরি হয়।
আরও পড়ুন: বিশৃঙ্খলায় ক্ষুব্ধ মেসি, মাঠ ছাড়ার সময় সৌরভ বলেছিলেন, ‘প্লিজ…..’
কী বলছেন সরকারি আইনজীবী?
এদিন সরকারি আইনজীবীর অমিতাভ লাহার বক্তব্য ছিল মেসি ঢোকার পর কোথায় যাবেন, সঙ্গে কারা কারা থাকবেন, সবটাই দেখার দায়িত্ব আয়োজকদেরই। কিন্তু তা কোনও ভাবে মানা হয়নি। যার ফলে বিশৃঙ্খলা হয়েছে সল্টলেক স্টেডিয়ামে। ঘটনায় একাধিক পুলিসকর্মী আহত হয়েছেন। আইনজীবী বলেছেন, শতদ্রু ইভেন্ট আয়োজন করেছেন। কে সামনে যাবেন কে থাকবেন না সেটা তাঁরা ঠিক করবেন। এফআইআরে বলা হয়েছে, আয়োজকরা যখন মাঠে ঢোকেন তাঁরা ঘুরে বেড়াচ্ছিলেন। যার জন্যে গ্যালারি থেকে দেখা যাচ্ছিল না। তাঁরা লোকজন দিয়ে ঘিরে রেখেছিল। মানুষ মেসিকে দেখতে পাননি। মাঠে ভাঙচুর হয়েছে। পুলিশ আহত হয়েছে। ১৪ দিন পুলিস হেফাজত চাওয়ার ১০টি ভিত্তি আছে।
আরও পড়ুন: মেসি ট্যুরের উদ্যোক্তা শতদ্রু গ্রেফতার হওয়ার পরেই রিষড়ার বাড়িতে নিশ্চিদ্র পুলিসি ঘেরাটোপ
কী বলছেন শতদ্রুর আইনজীবী?
শতদ্রুর আইনজীবী দ্যুতিময় ভট্টাচার্য জানিয়েছেন, তাঁর মক্কেলকে এই মামলায় ফ্রেম করা হয়েছে। শতদ্রু ইভেন্ট ম্যানেজার। তিনি কেন রেসপনসিবল হতে যাবেন? তাঁকে অভিযুক্ত করা হয়েছে। তাঁর নাম খারাপ হচ্ছে। মেসির কাছেও শতদ্রুর নাম খারাপ হয়েছে।
কী বলছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শনে এসেছিলেন। তিনি বলেন, ‘আমি এখানে এসেছিলাম একদম ‘গ্রাউন্ড জিরো’ বা ঘটনাস্থল থেকে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে। আমি এলাকাটি পরিদর্শন করেছি। ভক্তদের কাছে মেসি একজন ‘মসিহা’ বা দেবতার মতো। অথচ তাঁর এই সফর অকল্পনীয়ভাবে ভেস্তে দেওয়া হলো। এতে আয়োজক সংস্থা, সরকার, পুলিশ বা গোয়েন্দা দফতরের ব্যর্থতা—সবার ভূমিকাই খতিয়ে দেখা প্রয়োজন। যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আমি তাদের সঙ্গে দেখা করেছি। তাঁরা বিস্তারিত পরিদর্শন করছেন। তবে মনে হচ্ছে, আপাতদৃষ্টিতে যা দেখা যাচ্ছে, ঘটনার শিকড় তার চেয়েও অনেক গভীরে। এই ঘটনা কলকাতার মানুষের জন্য চরম লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যতে এমন পরিস্থিতির জন্য নির্দিষ্ট এসওপি বা কার্যপ্রণালী থাকা উচিত। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলার পর আমি আমার রিপোর্ট জমা দেব।’
আরও পড়ুন: কে এই শতদ্রু দত্ত? ‘মেসি গোট ইন্ডিয়া ট্যুর’-এর মূল উদ্যোক্তা গ্রেফতার! রইল পুরো বায়োডেটা
যে পদক্ষেপগুলো অবিলম্বে নেওয়া দরকার সেগুলি হল:
১. এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত ।
২. আয়োজকদের গ্রেফতার করা।
৩. টিকিটের টাকা ফেরত দেওয়া।
৪. আয়োজকদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা।
৫. এসওপি তৈরি করা।
৬. বিমা বা ইন্স্যুরেন্স স্কিম চালু করা, ইত্যাদি।
স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী—উভয় ধরনের পদক্ষেপই নিতে হবে। আমি স্পোর্টস অথরিটি এবং ভারত সরকারের কাছে আমার রিপোর্ট পেশ করব।গ্রেফতার করা হয়েছে, এখন আইন আইনের পথেই চলবে। সাধারণ দর্শকদের ধারণা হলো যে তাদের আবেগ ও অনুভূতিকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হয়েছে, এবং ঠিক এই কারণেই তারা ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
