জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেট সমর্থকদের অনেকেরই প্রশ্ন- কেমন আছেন শ্রেয়স আইয়ার? (Shreyas Iyer Return) কবে ফিরবেন মিডল অর্ডারের তারকা ব্যাটার? সেই গত অক্টোবর শেষবার দেশের জার্সিতে মাঠে দেখা শ্রেয়সকে নিয়ে চলে এল বিরাট আপডেট।
কী বলছে এমসিএ?
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MCA) সচিব উন্মেশ খানভিলকর জানিয়েছেন যে, চলতি বিজয় হাজারে ট্রফির পরবর্তী পর্যায়ে শ্রেয়সের উপলব্ধতা নিয়ে অ্যাসোসিয়েশন আলোচনা করবে। গত অক্টোবরে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআই চলাকালীন গুরুতর প্লীহার চোট পেয়েছিলেন শ্রেয়স। সেই চোট সারিয়ে ক্রিকেটে ফেরার যাত্রা তাঁর গত ২৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে (সিওই)। তিনি এখন ওখানেই রয়েছেন। এমসিএ সচিব সংবাদসংস্থা আইএএনএস-কে বলেছেন, ‘দেখুন আমরা এখনও শ্রেয়সের সঙ্গে ওর খেলার বিষয়ে কোনও কথা বলিনি। তবে আমরা ওঁর উপলব্ধতা নিয়ে ওর সঙ্গে কথা বলব। আপাতত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক নিশ্চয়তা নেই। তবে আগামী কয়েক দিনের মধ্যে ওর কাছ থেকে তা আসতে পারে,” খবর অনুযায়ী বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে যোগ দেওয়ার একদিন আগে শ্রেয়স জিমে হালকা ওয়ার্ক-আউট করেছেন। তিনি আবার ব্যাটিং শুরু করেছেন। তিনি মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার (সিসিআই) নেটে প্রায় ৩০-৩৪ মিনিট ব্যাটিংও করেছেন।
আরও পড়ুন: শোকের চাদর ব্যাটে সরিয়েই বিশ্বরেকর্ড! মিতালিকে টপকে ‘লঙ্কাকাণ্ডে’ মন্ধানার ইতিহাস…
বিজয় হাজারেতে ফিরতে পারেন শ্রেয়স
শ্রেয়সের সুস্থতার নজরে রাখা এক সূত্র জানিয়েছে যে, সবকিছু ঠিকঠাক থাকলে এবং সিওই থেকে ছাড়পত্র পেলে, ৩ ও ৬ জানুয়ারি জয়পুরে বিজয় হাজারে ট্রফির ম্যাচে শ্রেয়স মুম্বাইয়ের হয়ে খেলতে পারেন। ১১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ (ভদোদরায় সিরিজের উদ্বোধনী ম্যাচের পর, নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে) জন্য অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি আইয়ারকে ভারতের দলে বেছে নেয় কিনা, সে দিকেও চোখ থাকবে। কমিটি জানুয়ারির প্রথম সপ্তাহে দল চূড়ান্ত করার জন্য বৈঠক করবে। সূত্র জানিয়েছে, ‘সিওইতে শ্রেয়সের অগ্রগতি এখনও পর্যন্ত ভালো। শেষ দু‘টি বিজয় হাজারে ট্রফিতে খেলার আসার লক্ষ্য তার। ওডিআই দলে তাঁর প্রত্যাবর্তনের সিদ্ধান্ত এখন নির্বাচকদের উপর নির্ভর করছে‘! শ্রেয়সের ওডিআই দলে ফিরে আসা ২০২৭ বিশ্বকাপের জন্য দলের পরিকল্পনাকে আরও শক্তিশালী করবে।
শ্রেয়সের আজ বিরাট নাম
শ্রেয়স আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একজন সফল অধিনায়ক। তাঁর কেরিয়ারের উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে টেস্ট অভিষেকে সেঞ্চুরি, আইসিসি টুর্নামেন্টে শক্তিশালী পারফরম্যান্স। অধিনায়ক হিসেবে কেকেআরকে আইপিএল শিরোপা জেতানো এবং পঞ্জাব কিংসকে আইপিএল রানার্স করা। ১৪ টেস্টে ৮১১ রান রয়েছে শ্রেয়সের। ৭৩ ওডিআই-তে করেছেন ২৯১৭ রান। ৫১টি আন্তর্জাতিক টি-২০ খেলে ১১০৪ রান সংগ্রহ শ্রেয়সের। ১৩৩ আইপিএল ম্যাচে তাঁর ৩৭৩১ রান রয়েছে।
আরও পড়ুন: পন্থ নেই আর পরিকল্পনায়, ভারতীয় দলের দরজা বন্ধ চিরতরে! নীল নকশায় ২৭ বছরের এই স্টার!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
