জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) প্রথমবার যোগ্যতা অর্জন করেছে ফুটবল খেলিয়ে দেশ ইতালি (Italy)। সোমবার ৯ ফেব্রুয়ারি, ইডেন গার্ডেন্সে কাপযুদ্ধের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরেই গেল ইতালি। বিশ্বকাপ অভিষেকের যাত্রার স্মৃতি সুখকর হল না পির্লো-ভিয়েরিদের শুভেচ্ছা নিয়ে মাঠে নামা দল। রিচি বেরিংটনের স্কটিশরা টস হেরে প্রথমে ব্যাট করে ২০৭/৪ তুলেছিল। রানা তাড়া করতে নেমে ওয়েন ম্যাডসেনের (Wayne Madsen) ইতালি মাত্র ১৩৪ রানই তুলতে পেরেছে। স্কটল্যান্ড ৭৩ রানে জিতল। শুধু হেরেই ধাক্কা খায়নি ইতালি। ক্রিকেটের নন্দনকাননে ভয়াবহ চোটে বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়লেন খোদ ক্যাপ্টেন ম্যাডসেন!
আরও পড়ুন: লোভী-নির্লজ্জ পাক-বাংলাদেশ, ভারত বয়কট তোলা স্রেফ বাহানা! জিভ বার করে আইসিসি বৈঠকে ৩ শর্তের ভিক্ষা…
ইতালির হেড কোচ জন ডেভিসন বলেছেন যে, অভিজ্ঞ অধিনায়ক ম্যাডসেন দলের সাথে ভ্রমণ করতে পারেন এবং ‘কোচিং স্টাফ’ হিসেবে ডাগআউটে থাকতে পারেন। স্কটল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারে মিডউইকেটে বাউন্ডারি আটকাতে গিয়ে ডাইভ দেওয়ার সময় ম্যাডসেন আহত হন। তিনি শক্ত প্র্যাকটিসে পিচের উপর বেকায়দায় পড়ে যান এবং সঙ্গে সঙ্গে নিজের কাঁধ চেপে ধরেন। এরপর এক টেম্পোরারি স্লিং দিয়ে হাতটি ধরে মাঠ থেকে বেরিয়ে যান। আহত ও অবসৃত হয়ে ম্যাচ থেকে ছিটকে যান তিনি। ফলে ইতালি কার্যকর ভাবে একজন ব্যাটার কম নিয়েই ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬.৪ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায়।

ডেভিসন ম্যাচের পর সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘ম্যাডসেনের কাঁধের হাড় সরে গিয়েছে। আমাদের ফিজিয়ো কোনও মতেই হাড়টি আগের জায়গায় ফিরিয়ে আনতে পেরেছেন, কিন্তু পরিস্থিতি কতটা গুরুতর তা দেখার জন্য আরও স্ক্যান করাতে হবে। আমার মনে হয় বিশ্বকাপে ও অনিশ্চিত। আমি বলব না যে ও ছিটকে গিয়েছে, কিন্তু আমার মনে হয় ক্রিকেটে কাঁধের হাড় সরে গেলে ফেরাটা বেশ অনিশ্চিত হয়ে যায়। সেখান থেকে ফিরে আসাটা বেশ কঠিন হবে, তবে স্ক্যান রিপোর্টে কী আসে তা আমরা দেখব। ম্যাচের শুরুতেই অধিনায়কের এভাবে ছিটকে যাওয়া আমাদের একটা কঠিন পরিস্থিতিতে দাঁড় করিয়ে দিল। তাছাড়া পরিস্থিতিও আমাদের অনুকূলে ছিল না।
এই বিরাট ধাক্কা সত্ত্বেও, ডেভিসন আশা করছেন যে ম্যাডসেন দলের সঙ্গেই থাকবেন। ইতালি আগামী বৃহস্পতিবার ওয়াংখেড়েতে নেপালের বিরুদ্ধে খেলবে। কলকাতা থেকে মুম্বই যাচ্ছে ইতালি। তাদের শেষ দু’টি লিগ ম্যাচ ইংল্যান্ড (১৬ ফেব্রুয়ারি) এবং ওয়েস্ট ইন্ডিজের (১৯ ফেব্রুয়ারি) মুখোমুখি হওয়ার জন্য ফের কলকাতায় ফিরে আসবে। ডেভিসন জুড়েছেন, ‘ ম্যাডসেন দলের এই দলের অবিচ্ছেদ্য অংশ। সে অত্যন্ত অভিজ্ঞ একজন। হয়তো আমাদের তাকে একটি লাল শার্ট পরিয়ে দিতে হবে, কিন্তু সে কোচিং স্টাফদের সঙ্গে যোগ দিতে পারে।’ অধিনায়কের অনুপস্থিতি এবং ম্যাচের শুরুতে ধাক্কা খাওয়া সত্ত্বেও, রান তাড়া করার সময় ইতালি লড়াই করার মানসিকতা দেখিয়েছে এদিন। যা ভীষণই ইতিবাচক…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
