বেঙ্গালুরু: কিছুদিন আগেই বিসিসিআইয়ের বার্ষিক বিতরণী অনুষ্ঠানে গিয়ে এক বিতর্কিত মন্তব্য করেছিল সে। মাত্র ১৪ বছর বয়সে এক প্রাপ্তবয়স্ক ছবিকে নিজের পছন্দের ছবি জানিয়েছিল, যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। এবার আরও একটু চাপ বাড়ল বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi)। তার বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ উঠল। সে না কি একেবারেই পেশাদার ক্রিকেটার না, এমনটাই জানালেন বৈভবের সতীর্থই।
গত আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে অভিষেক হয়েছিল এই ফ্র্যাঞ্চাইজি লিগে বৈভবের। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গত মরশুমেই গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করেছিল সে। যা দেখে স্থম্ভিত হয়ে গিয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। মাত্র ১৪ বছর বয়সে এত পাওয়ার কীভাবে অর্জন করে সে? এই নিয়েই সবার কৌতুহল। কিন্তু ধারাবাহিকতা কি এবারও ধরে রাখতে পারবে বৈভব? এটাই এখন বড় প্রশ্ন। এরই মধ্যে বৈভবের বিরুদ্ধে অভিযোগ তুললেন জিতেশ শর্মা। বর্তমানে জিতেশ আরসিবির সদস্য। ভারতের টি টোয়েন্টি স্কোয়াডে গত দেড় বছর নিয়মিত ছিলেন। যদিও শেষ মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি। তবে বৈভবের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করেছেন রাইজিং স্টার এশিয়া কাপ ও ভারতীয় এ দলের হয়ে।
প্রাক্তন আরসিবি তারকা কিংবদন্তি এবি ডিভিলিয়ার্সের পডকাস্ট শোয়ে প্রশ্ন করা হয়েছিল বৈভবকে নিয়ে। সেখানেই জিতেশ বলেন, “বৈভব একেবারেই পেশাদার ক্রিকেটার না। অনেকে ও কে পেশাদার করার জন্য মরিয়া চেষ্টা করেছে, কিন্তু কোনও কাজ হয়নি। আসলে ও পেশাদার হতেই চায় না। মাঠে ও দারুণ ক্রিকেটার। কিন্তু মাঠের বাইরে একেবারেই অপেশাদার। রাতে আইসক্রিম খেতে দেখে ও কে কতবার বারণ করেছি, কিন্তু কোনও কথাই শোনে না ও।”
আসলে এই পুরো কথাটাই বেশ খোশমেজাজে মজার ছলেই বলেন জিতেশ। এরপরই তিনি যোগ করেন, “অসাধারণ ব্যাটার। সবসময় ছয় নম্বর গিয়ারে ব্যাটিং করে। দেখে মনে হবে যেন ক্রিকেট বিশ্বকে শাসন করছে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ওর খেলা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এত ছোট বয়সে এমন পারফর্ম্যান্স সত্যিও অবাক করে দেওয়ার মত।”
জিতেশ আসলে অবাধ্য শব্দটা ব্যবহার করেছেন হয়ত বৈভবের ফিটনেসের প্রতি সচেতনতা কম দেখে। যদিও যেমন ব্যাটিং বৈভব করেন, তা দেখে দরাজ সার্টিফিকেটই দিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার।
