জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার বিরাট কোহলি। (Virat Kohli) মুখে নয়, ব্যাটেই সমালোচকদের জবাব দিতে পছন্দ করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে, পরপর দু’ম্যাচে সেঞ্চুরি করে ৩৭ বছরের ক্রিকেটার ফের বুঝিয়ে দিয়েছেন, আজও জঙ্গলের রাজা-‘কিং কোহলি’।
কোহলির বিরাট সিদ্ধান্ত
প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ সেরাও হয়েছেন বিরাটই। আপাতত মুম্বইয়ে। দ্রুতই ফিরে যাবেন লন্ডন। ওখানেই এখন পরিবার নিয়ে থাকেন তিনি। চলতি মাসের শেষের দিকে ভারতে ফিরে খেলবেন বিজয় হাজারে (Vijay Hazare Trophy)। তারপর জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবেন। কোহলি ফের ব্যাট হাতে নামার আগে বড় ঘোষণা করে দিলেন। স্পোর্টসওয়্যার জায়ান্ট পুমার (PUMA) সঙ্গে দীর্ঘ ৮ বছরের সম্পর্ক ছিন্ন করলেন কোহলি। ভারতীয় স্পোর্টসওয়্যার স্টার্টআপ অ্যাজিলিটাস স্পোর্টসের সঙ্গে পথ চলা শুরু করলেন। পুমা ইন্ডিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গঙ্গোপাধ্যায় অ্যাজিলিটাস প্রতিষ্ঠা করেছেন। ২০১৭ সালে পুমার সঙ্গে কোহলির প্রথম চুক্তি হয়েছিল ১১০ কোটি টাকার। আট বছরের অংশীদারিত্বে পুমার ছত্রছায়ায় কোহলির লাইফস্টাইল-অ্যাথলেজার লেবেল ওয়ানএইট (One8) চালু হয়।
আরও পড়ুন: টাইব্রেকারে খেতাব হাতছাড়া ইস্টবেঙ্গলের, সুপার কাপ ছিনিয়ে নিল এফসি গোয়া…
কোম্পানিতে কোহলির বিনিয়োগ
কোহলি সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে অ্যাজিলিটাসের সঙ্গে পার্টনারশিপ করার কথা ঘোষণা করেছেন। কোহলি বলেন, ‘ দেখুন, যখন আমার কাছে প্রস্তাবটি এসেছিল, তখন গাঙ্গুলি আমাকে অ্যাজিলিটাসের পিছনের শক্তি, উৎপাদন ক্ষমতা, তাঁদের দক্ষতা বুঝিয়েছিল। কী ধরণের লোক সেখানে আসবেন তা বোঝালেন, তখন আমি ভেবেছিলাম এটা বড় কিছু হতেই পারে এবং অবশ্যই, আমি এর অংশ হতে চেয়েছিলাম। এটি আমাদের নিজস্ব লোকেরা ডিজাইন করেছেন, এখানে তৈরি করেছেন। কিন্তু আমি মনে করি এই পুরো প্রক্রিয়ার ভিত্তি আপনার সম্ভাবনা পূরণ করা।’কোহলি কেবল অ্যাজিলিটাসের শুধুই মুখ হয়ে উঠছেন না, তিনি এখানে উল্লেখযোগ্য ইক্যুইটি বিনিয়োগ করছেন। রেগুলটরি ফাইলিং থেকে জানা গিয়েছে কোহলির প্রাথমিক বিনিয়োগ ৪০ কোটি টাকা। যা কম্পালসরিলি কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার (সিসিপিএস) এর মাধ্যমে কোম্পানিতে প্রায় ১.৯৪% শেয়ার।
বিশ্ব চিনবে ওয়ানএইট
কোহলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে সহ-নির্মাতা হয়ে অংশীদারের ভূমিকায়। যা অ্যাজিলিটাস এবং তার সহযোগী ব্র্যান্ডগুলির দিকনির্দেশনা গঠনে সহায়তা করে। কোম্পানিটি নিজেকে একটি পূর্ণাঙ্গ জীবনচক্র স্পোর্টসওয়্যার ফার্ম হিসেবে প্রতিষ্ঠিত করেছে, উৎপাদন থেকে খুচরা পর্যন্ত। নতুন চুক্তির অধীনে, ওয়ানএইট পণ্যগুলি এখন অ্যাজিলিটাসের ব্যবসায়িক মডেলের অধীনে বিতরণ এবং সম্প্রসারিত হবে। ওয়ানএইটের নতুন ব্র্যান্ড পরিচয়, নতুন জুতো এবং পোশাক সংগ্রহ এবং বৃহত্তর খুচরা উপস্থিতি অন্তর্ভুক্ত রয়েছে বলেই জানা গিয়েছে। ওয়ানএইটকে বিশ্বব্যাপী ব্র্যান্ডে রূপান্তরিত করে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাইছেন বিরাটরা।
আরও পড়ুন: শেষমেশ ঝরেই গেল বিয়ের ফুল! স্মৃতি-পলাশের বিবৃতিতে তোলপাড় নেটপাড়া, ভাঙনের নেপথ্যে…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
