জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের বিশ্বকাপজয়ী মহাতারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya), চলতি বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) একেবারে ‘রেড-হট’ ফর্মেই আছেন। ৮ জানুয়ারি বৃহস্পতিবার, এলিট গ্রুপ ‘বি’র ম্যাচে রাজকোটে মুখোমুখি হয়েছিল বরোদা ও চণ্ডীগড়। ক্রনাল পাণ্ডিয়ার (Krunal Pandya) বরোদা টস জিতে প্রথমে ব্যাট করে ৩৯১ রান তোলে। জবাবে মনন ভোহরার চণ্ডীগড় ২৪২ রানে অলআউট হয়ে যায়। বরোদা গ্রুপের ফাইনাল ম্যাচ ১৪৯ রানে জেতে। আর এদিন নিরঞ্জন শাহ স্টেডিয়ামে আলো ছড়ালেন হার্দিক ও প্রিয়াংশু মোলিয়া (Priyanshu Moliya)
রাজকোটে রণংদেহী হার্দিক
চণ্ডীগড়ের বিরুদ্ধে হার্দিক ছয়ে ব্যাট করতে এসেছিলেন। ৩১ বলে ৭৫ রানের ইনিংস খেললেন তিনি। হাঁকালেন ৯টি ছয় ও ২টি চার। বোলারদের ধরে ধরে কচুকাটা করলেন হার্দিক। তাঁর খেলা দেখে মনে হচ্ছিল যে, হার্দিক যেন বেদম প্রহার দিতেই নেমেছেন মাঠে। পাণ্ডিয়া ক্রিজে সেট হতে সময় নিয়েছিলেন ঠিকই, তবে ১৯ বলেই সে পঞ্চাশ করে ফেলেন। পাণ্ডিয়ার আগ্রাসী ইনিংসটি খুবই গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেছিল। তিনি টপ অর্ডারে প্রাথমিক ধাক্কা সামলে বরোদাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিলেন। পান্ডিয়া এদিন প্রিয়াংশু মোলিয়ার সঙ্গে পঞ্চম উইকেটে ৯০ রানের পার্টনারশিপ গড়েছিলেন। যা বরোদাকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যায়। এর আগে পাণ্ডিয়া বিদর্ভের বিপক্ষে ৬৮ বলে সেঞ্চুরি করেছিলেন। যেখানে ১১টি ছক্কা এবং আটটি চারের সাহায্যে তিনি ১৩৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন। যদিও সেই ম্যাচে বরোদা হেরে গিয়েছিল, তবে ইনিংসটি সাদা বলের ফরম্যাটে তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের পরিচয় দেয়।
6⃣,6⃣,6⃣,6⃣,4⃣
November 27, 2024
বলতে হবে প্রিয়াংশু মোলিয়ার কথাও
অন্যদিকে মোলিয়া ১০৬ বলে সংযমী ১০৩ রান করে ইনিংস খেলে পরিস্থিতি স্থিতিশীল করেন। উইকেটরক্ষক-ব্যাটার জিতেশ শর্মাও গুরুত্বপূর্ণ রান দিয়ে অবদান রাখেন। পাণ্ডিয়া আউট হওয়ার পর জিতেশ মাত্র ৩৩ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। যেখানে তিনি আটটি চার ও চারটি ছক্কা মারেন এবং ষষ্ঠ উইকেটে মোলিয়ার সঙ্গে ৫৭ বলে ১০৬ রানের জুটি গড়েন। বরোদা ১১ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খেয়েছিল। কিন্তু মাঝের ওভারগুলিতে কয়েকটি স্থিতিশীল জুটির মাধ্যমে ইনিংসটি সামলে ওঠে, এরপর পান্ডিয়া ও জিতেশ শেষদিকে ঝড় তোলেন। তাঁদের সম্মিলিত আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুবাদে বরোদা অনায়াসে ৩৫০ রানের গণ্ডি ছাড়িয়ে যায়।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নেই হার্দিক
অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি গত ৩ জানুয়ারি, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল বেছে নিয়েছিল। দলে রাখা হয়নি হার্দিককে! বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়েছিল, ‘হার্দিককে এক ম্যাচে ১০ ওভার বল করার ছাড়পত্র বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স থেকে ছাড়পত্র পায়নি। আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বিবেচনা করে তাঁর কাজের ধকল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
