নয়াদিল্লি: ‘যত্র প্রতিভা অবসরা প্রাপন্তি’! আইপএল ট্রফির গায়ে সংস্কৃতে ঠিক এটাই লেখা। এর অর্থ খুব সহজ, যেখানে প্রতিভাবানরা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পান। আইপিএলে প্রতিদিন, প্রতি মরশুমে কতই না তরুণ তরুণ ক্রিকেটার সুযোগ পান, নাম গড়েন। হার্দিক পাণ্ড্য, রিঙ্কু সিংহ, যশপ্রীত বুমরাদের উত্থান তো এই আইপিএল থেকেই। সেই তালিকায় আরও এক সংযোজন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। সাম্প্রতিক সময়ে বৈভবের প্রতিভার গুণগান করেননি, এমন লোক খুঁজে পাওয়া কঠিন।
তাঁর বয়স মাত্র ১৫, আইপিএল ম্যাচের সংখ্যা মাত্র ১১। তবে ইতিমধ্যেই বৈভব কিন্তু ক্রিকেটবিশ্বে নিজের পরিচিতি গড়ে তুলেছে। বিশ্বের যে কোনও দলই এমন এক প্রতিভাকে নিজেদের একাদশে চাইবেন। সেই লক্ষ্যেই বৈভব সূর্যবংশীর জন্য আইপিএল নিলামে ৫০ কোটি টাকার দরও হাঁকানো হতে পারে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে এক বিধ্বংসী ইনিংস খেলার পর বৈভবকে ঘিরে এমন জল্পনাই শুরু হয়েছে। সে আরসিবির বিরুদ্ধে ৩০০-র স্ট্রাইক রেটে ২৬ বলে ৭৮ রানের ইনিংস খেলে। জশ হ্যাজেলউড, ভুবনেশ্বর কুমারদের বিরুদ্ধে যে শাসন দেখায় বৈভব, তারপরে এমন এক ইনিংসের জন্য স্বাভাবিকভাবেই চারিদিক থেকে প্রশংসা ভেসে আসছে।
এইসব প্রশংসা, বাহবার মাঝেই দাবি উঠছে বৈভবের জন্য ৫০ কোটি টাকার দর পর্যন্ত উঠতে পারে। বৈভব ১১টি আইপিএল ম্য়াচ খেলে ইতিমধ্যেই বিশ্বের তাবড় তাবড় বোলারদের বিরুদ্ধে ২৬৬.৬৬ স্ট্রাইক রেটে রান করেছে। বুমরার বিরুদ্ধে প্রথম বলে ছক্কা মেরেছে, হ্যাজেলউডের প্রথম বল বাউন্ডারি পার পাঠিয়েছে। সেই বর্তমানে আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক। ইতিমধ্যেই ২০০ রান করে ফেলেছে বৈভব। এই পরিসংখ্যানই সকলকে তাক লাগিয়ে দিচ্ছে। অনেকে তো ইতিমধ্যেই বলাবলি শুরু করেছেন বৈভবের বেস প্রাইসই ৩০ কোটি হওয়া উচিত।
এইসব জল্পনা-কল্পনা, আলোচনার মাঝেই এক পুরনো পোস্ট ভাইরাল হয়েছে যেখানে এই ৫০ কোটির উল্লেখ মিলেছে। কী আছে সেই পোস্টে? সেই পোস্ট অনুযায়ী লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা নাকি তার জন্য এক সময়ে ৫০ কোটি টাকা পর্যন্ত দর হাঁকাতে প্রস্তুত ছিলেন।
Sanjiv Goenka said, ‘If I get the opportunity to buy 14-year-old Vaibhav Suryavanshi, I would go up to 50 crore for him. And I would love to see Pant and Suryavanshi opening together.”
Joinhttps://t.co/iHBylyA2oB#sanjivgoenka #VaibhavSuryavanshi #batting #LSGvsRR #ipl2025 pic.twitter.com/zA1PiAWiAW
— CricWric (@CricWric) April 20, 2025
এই পোস্টের পরেই জল্পনা শুরু হয়েছে যে আইপিএল নিলামে বৈভবের ৫০ কোটি টাকা দাম উঠতে পারে। তবে প্রশ্ন হল, মাত্র দুই বছর আগে বৈভবকে ১.১০ কোটি টাকায় কেনা রাজস্থান রয়্যালস কি আদৌ কোনদিন তাকে দল থেকে ছাড়বে? উত্তর সময়ই দেবে।
