ওয়াশিংটন ডিসি : হুঙ্কার কমছে না মার্কিন প্রেসিডেন্টের। যুদ্ধের জেরে একের পর এক নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে। এই আবহে ফের একবার সুর চড়িয়ে ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিলেন, আগে ইরানের যুদ্ধ শেষ করতে চায় আমেরিকা। তারপর নজর দেবে কিউবার দিকে। হোয়াইট হাউসে একটি ইভেন্টে বক্তব্য রাখছিলেন ট্রাম্প। সেখানেই তিনি জানিয়ে দেন, এই মুহূর্তে ইরানের সঙ্গে দ্বন্দ্বের সমাধান করা মূল ফোকাস। ট্রাম্পের কথায়, “এটা আগে শেষ করতে চাই। কিন্তু এটা কেবল সময়ের ব্যাপার, আপনারা এবং অনেক অবিশ্বাস্য মানুষ কিউবায় ফিরে যাবেন।”
ওয়াশিংটনের সঙ্গে হাভানা সমঝোতা করতে চায় বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “ভীষণভাবে চুক্তি করতে চায় কিউবা।” অনেকে কিউবান আমেরিকান তাঁদের দ্বীপে ফিরে যাবেন বলে মন্তব্য ট্রাম্পের। তাঁর কথায়, “আমরা চাই, আপনারা ফিরে যান এবং আমরা আপনাদের হারাতে চাই না।”
চরম অশান্ত পশ্চিম এশিয়া। ইরানের দাবি, আমেরিকাকে জবাব দিতে উত্তর উপসাগরীয় এলাকায় আমেরিকার একটি তেলবাহী জাহাজে আঘাত হেনেছে তারা। এরইমধ্য়ে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ডুমসডে মিসাইল পরীক্ষা করেছে আমেরিকা ! পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ পৌঁছে গেছে ভারতের দোরগোড়াতেও।
হামলা, পাল্টা হামলা। মহা সংঘাতে অশান্ত মধ্যপ্রাচ্য। যুদ্ধবিমান থেকে নাগাড়ে নেমে আসছে বোমা। মিসাইল আর ড্রোনের মুহুর্মুহু হামলায় গভীর রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান। একদিকে আমেরিকার ‘অপারেশন এপিক ফিউরি’ আর ইজরায়েলের ‘অপারেশন লায়ন্স রোর’। আরেক দিকে ইরানের ‘অপারেশন ট্রু প্রমিস’।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ পৌঁছে গেছে ভারতের দোরগোড়াতেও। ভারতের আমন্ত্রণে নৌবাহিনীর মহড়া দিয়ে বুধবার ভোরে বিশাখাপত্তনম থেকে ফিরছিল ইরানের যুদ্ধজাহাজ ‘IRIS Dena’। ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজকে ধ্বংস করে দেয় আমেরিকা। মৃত্য়ু হয় অসংখ্য় নৌসেনার। প্রাণে বেঁচেছেন কেউ কেউ। তাঁরা এখন হাসপাতালে। পাল্টা আমেরিকাকে চ্য়ালেঞ্জ ছুঁড়ে দিয়ে ওই একই জায়গায় ফের যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইরান। ইরান দাবি করেছে, আমেরিকাকে জবাব দিতে উত্তর উপসাগরীয় এলাকায় আমেরিকার এরটি তেলবাহী জাহাজে আঘাত হেনেছে তারা।
কীভাবে ইরানের একের পর এক সমরসম্ভার ধ্বংস করা হচ্ছে, আমেরিকার প্রতিরক্ষা দফতরের তরফে তার নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে। ইজরায়েল হামলার তীব্রতা বাড়াতেই প্রত্যাঘাতের মাত্রা বাড়িয়েছে ইরান। ইজরায়েলের দিকে লাগাতার মিসাইল ছুড়ে যাচ্ছে তারা। তেল আভিভের কিরিয়ায় ইরানের হামলায় বড়সড় ক্ষয়ক্ষতির খবর মিলেছে। আমেরিকার বন্ধু দেশগুলোর পাশাপাশি এবার আজারবাইজানেও ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও, ইরান তা অস্বীকার করেছে।
