মুম্বই: শনিবার শুরু হয়ে গেল আইপিএল। রবিবার, টুর্নামেন্টের দ্বিতীয় দিন নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। যে দল বরাবর কেকেআরের বড় কাঁটা। তার ওপর ম্যাচ মুম্বইয়ের ডেরায়, ওয়াংখেড়ে স্টেডিয়ামে। যে স্টেডিয়ামে মাত্র ২টি ম্যাচ জিতেছে নাইটরা। রবিবার তাই অগ্নিপরীক্ষা।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআর শিবিরে ধন্দ কোন চার বিদেশিকে খেলানো হবে তা নিয়ে। কারও কারও মতে, ওপেনিংয়ে নিউজ়িল্যান্ডের দুই ক্রিকেটার ফিন অ্যালেন ও টিম সাইফার্ট খেলতে পারেন। সেক্ষেত্রে বাকি দুই বিদেশি হতে পারেন ক্যামেরন গ্রিন ও সুনীল নারাইন। গ্রিন এমনিতেই কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার। আন্দ্রে রাসেলের পরিবর্ত হিসাবে তাঁকে ব্যবহারের পরিকল্পনা রয়েছে নাইট শিবিরের।
তবে এই চারজন বিদেশি খেললে দুর্বল হয়ে পড়তে পারে জোরে বোলিং বিভাগ। এমনিতেই একের পর এক পেসারের চোট কোণঠাসা করে ফেলেছে নাইট বোলিংকে। মুস্তাফিজুর রহমানকে পাওয়া যাচ্ছে না। মাথিশা পাথিরানা শুরুর দিকে নেই। ছিটকে গিয়েছেন হর্ষিত রানা, আকাশ দীপ। পেস বোলিং বিভাগে একমাত্র বৈভব অরোরা রয়েছেন। সঙ্গে বিদেশি হিসাবে রয়েছেন জ়িম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি। যাঁকে নেওয়া হয়েছিল মুস্তাফিজুরের পরিবর্ত হিসাবে।
কারও কারও মতে, মুজ়ারাবানিকে খেলাতে হবেই। তা না হলে জোরে বোলিং বিভাগ কমজোরি হয়ে পড়বে। সেক্ষেত্রে টিম সাইফার্টের ওপর কোপ পড়তে পারে। তখন চার বিদেশি হিসাবে খেলবেন ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন, সুনীল নারাইন ও মুজারাবানি।
২৫ কোটি ২০ লক্ষ টাকার ক্রিকেটার ক্যামেরন গ্রিনের খেলা নিশ্চিত। একইরকমভাবে নিশ্চিত সুনীল নারাইনও। বাকি দুজন কারা, সেটা নিয়েই যাবতীয় আলোচনা। ফিন অ্যালেন ও টিম সাইফার্ট টি-২০ বিশ্বকাপে নিউজ়িল্যান্ডের হয়ে ইনিংস ওপেন করে দুরন্ত পারফর্ম করেছেন। দুজনকে একসঙ্গে খেলালে নাইটদের ওপেনিং জুটিও বিস্ফোরক হবে। কিন্তু সেক্ষেত্রে মুজারাবানিকে বসাতে হবে। বৈভব অরোরা, নভদীপ সাইনিরা পারবেন পেস বোলিং আক্রমণে অভিজ্ঞতার অভাব ঢেকে ধারাল হয়ে উঠতে!
একাদশে চার বিদেশি বাছাইয়ে কেকেআর কী চমক দেয়, তা দেখার অপেক্ষায় ভক্তরা।
