ঢাকা: আইপিএল আর সম্প্রচারিত করা হবে না বাংলাদেশে। টুর্নামেন্টের প্রধান সম্প্রচারকারী সংস্থা জিওস্টার। আর সেই সংস্থাই এবার বাংলাদেশে আইপিএল সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে চুক্তি ছিন্ন করে দিয়েছে বলে খবর। পুরোটাই আর্থিক কারণে। টাকা মেটাতে পারেনি চ্যানেল, তার জন্য়ই না কি আইপিএল সম্প্রচার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদসংস্থা সূত্রের খবর, বাংলাদেশ আইপিএলের সম্প্রচার হত টি স্পোর্টস চ্যানেলে। সেই চ্যানেলই টাকা মেটাতে পারেনি। সাম্প্রতিক সময়ে মুস্তাফিজুর রহমনকে আইপিএলে খেলতে না দেওয়া নিয়ে ভারতের বিরুদ্ধে গিয়ে আইপিএল সম্প্রচা বাংলাদেশে না করানোর পথে হেঁটেছিল মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার। পরে যদিও সুর নরম করেছিল তারা। খেলা সম্প্রচার করানোর পথে হেঁটেছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছে না। কারণ জিওই চুক্তি ভেঙে দিচ্ছে। টি স্পোর্টসকে দেওয়া এক চিঠিতে জিওস্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, ”আর্থিক বকেয়া মেটানোর জন্য দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে। কিন্তু বারবার গাফিলতি চোখে পড়ছে। তাই এই মুহূর্তে চুক্তি ভেঙে দেওয়া হচ্ছে।”
মুস্তাফিজ ইস্যুতে প্রথমে কড়া সিদ্ধান্ত নিলেও পরে নিজেদের অবস্থান থেকে সরে এসেছিল বাংলাদেশ। সে দেশের যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক ‘ক্রিকবাজ’-কে জানিয়েছিলেন যে যে ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেলাতে চান না তাঁরা। তাই ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহাবস্তান তৈরি রাখতে মরিয়া বাংলাদেশ। আইপিএলও তাই সম্প্রচারের পথেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু এবার জিওস্টার চুক্তি ভেঙে দেওয়ায় সে দেশে মেগা ফ্র্যাঞ্চাইজি লিগের সম্প্রচারই এবার বন্ধ করে দেওয়া হল।
২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত আইপিএলের সম্প্রচারের জন্য টি স্পোর্টসের সঙ্গে চুক্তি করেছিল জিওস্টার। এবার সেই চুক্তিই ভেঙে দেওয়া হল।
এদিকে, আইপিএলের ইতিমধ্যেই তিনটি ম্য়াচ হয়ে গিয়েছে। প্রথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে খেলতে নেমেছিল আরসিবি। সেই ম্য়াচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয় ছিনিয়ে নিয়েছিল ঘরের মাঠে। পরের ম্য়াচে কেকেআর মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ওয়াংখেড়েতে সেই ম্য়াচে মুম্বই জয় ছিনিয়ে নেয়। অজিঙ্ক রাহানের দলের বিরুদ্ধে ২২১ রান তাড়া করতে নেমে জয় ছিনিয়ে নেয় হার্দিক পাণ্ড্যর দল। আর গতকাল রাজস্থান রয়্যালস জয় ছিনিয়ে নিয়েছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। প্রথম ম্যাচে খেলেননি মহেন্দ্র সিংহ ধোনি। আরও কয়েকটি ম্যাচে হয়ত খেলতে পারবেন না তিনি। আজ মুখোমুখি গুজরাত টাইটান্স ও পঞ্জাব কিংস।
