নয়াদিল্লি: আজ মায়ানগরীতে নিজেদের আইপিএল (IPL 2026) অভিযান শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রতিপক্ষ রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচের আগে কেকেআর সমর্থকদের মূল চিন্তার বিষয় দলের বোলিং আক্রমণ।
মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে। আকাশ দীপ ও হর্ষিত রানা, টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। মাথিশা পাথিরানা এখনও দলে যোগ দেননি। রবিবার তিনি খেলবেন না। এইসব হতাশার মাঝেও কেকেআর সমর্থকদের খানিকটা হলেও স্বস্তি দেবে সাম্প্রতিক রিপোর্ট। কী রয়েছে সেই রিপোর্টে? সেই রিপোর্টে দাবি করা হচ্ছে এপ্রিলের প্রথম সপ্তাহেই নাকি কেকেআর শিবিরে যোগ দেবেন মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)।
টি-টোয়ন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে পেশিতে চোট পেয়েছিলেন পাথিরানা। তারপর থেকে মাঠের বাইরে রয়েছেন লঙ্কান ফাস্ট বোলার। দিনকয়েক আগে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছিল পাথিরানা আইপিএল খেলার ছাড়পত্র চেয়েছেন। তবে তখনও ফিটনেস পরীক্ষা দেননি তারকা ফাস্ট বোলার। সেই পরীক্ষায় পাস করার পরেই তিনি মেগা টুর্নামেন্টে খেলার ছাড়পত্র পাবেন।
বর্তমান রিপোর্ট অনুযায়ী পাথিরানা বর্তমানে শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের চোট সারানোর কাজ চালাচ্ছেন এবং তাঁর অগ্রগতিও বেশ ভাল। সেই একই রিপোর্টে বলা হয়েছে আইপিএল খেলার ছাড়পত্র পেতে পাথিরানাকে যে ফিটনেস পরীক্ষা দিতে হবে, তা আগামী সপ্তাহেই আয়োজিত হবে। সব ঠিকঠাক থাকলে পাথিরানা ৬ এপ্রিল নাইট শিবিরে যোগদান করতে পারেন। সেক্ষেত্রে ঠিক যেমন আশঙ্কা করা হচ্ছিল, সেইমতোই লঙ্কান ফাস্ট বোলার নাইটদের হয়ে প্রথম তিন থেকে চারটি ম্যাচে খেলতে পারবেন না।
প্রসঙ্গত উল্লেখ্য, একদিকে যেখানে পাথিরানার বিষয়ে এই রিপোর্ট কেকেআর সমর্থকদের হাসি ফোটাবে, সেখানে ওই একই রিপোর্ট লখনউ সুপার জায়ান্টস সমর্থকদের হতাশাই করবে। কারণ ওই একই রিপোর্টে দাবি করা হচ্ছে আরেক লঙ্কান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা সম্ভবত গোটা আইপিএল থেকেই ছিটকে যাচ্ছেন।
হাসারাঙ্গাকে লখনউ সুপার জায়ান্টস দলে নিয়েছিল এবং আশা করছিল লঙ্কান স্পিনার তাঁদের স্পিন বিভাগের নেতৃত্ব দেবেন। তবে তেমনটা আর এ মরশুমে অন্তত হচ্ছে না বলেই খবর। হাসারাঙ্গার আইপিএল থেকে ছিটকে যাওয়ার বিষয়ে শীঘ্রই সরকারিভাবে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে।
