সিডনি: আইপিএলের ১৯তম সংস্করণ চলছে। অস্ট্রেলিয়ার অনেক খেলোয়াড়ই এই টুর্নামেন্টে খেলছেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে যেমন রেকর্ড গড়েছেন ক্যামেরন গ্রিন। ২৫ কোটি ২০ লক্ষ টাকায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে কিনেছে কেকেআর। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি তিনি।
তবে অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জ়াম্পা এবার আইপিএলে খেলছেন না। তিনি একটি পডকাস্টে জানিয়েছেন যে তিনি নিজেই এবারের আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। অস্ট্রেলীয় স্পিনার মনে করেন যে, তিনি সঠিক পারিশ্রমিক পান না। সেই কারণেই তিনি এখন পাকিস্তান সুপার লিগে খেলছেন।
অ্যাডাম জ়াম্পা কী বলেছিলেন
এআরওয়াই পডকাস্টে কথা বলতে গিয়ে জ়াম্পা বলেন যে, অন্যান্য খেলোয়াড়দের তুলনায় তিনি তাঁর প্রতিভার যোগ্য পারিশ্রমিক পান না। এছাড়াও, তিনি আইপিএলের দীর্ঘ সময়সীমাকেও সরে আসার কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “আমি এই বছর আইপিএল থেকে আমার নাম প্রত্যাহার করে নিয়েছি, কারণ আমি সেই টাকা পাচ্ছিলাম না যা অন্যান্য দক্ষ খেলোয়াড়রা পান। আইপিএলে যে পরিমাণ সময় লাগে, তা বিবেচনা করে আমার মনে হয়েছে এতে খেলাটা বুদ্ধিমানের কাজ হবে না।”
৩৪ বছর বয়সী অ্যাডাম জ়াম্পাকে গত বছর সানরাইজার্স হায়দরাবাদ ২ কোটি ৪০ লক্ষ টাকায় কিনেছিল। এটি ছিল আইপিএলে তাঁর সর্বোচ্চ বেতন। এর আগে তিনি ৩টি দলের হয়ে খেলেছেন তিনি, তবে কোনও সংস্করণে সব ম্যাচ খেলেননি। আইপিএলে তিনি প্রভাব ফেলতে পারেননি। ২০১৬ সালে তিনি আইপিএলে অভিষেক ঘটান, প্রথম মরশুমে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে তিনি ভাল বোলিং করেছিলেন। তিনি ৫ ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন। ২০১৭ সালে তিনি ৬ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন।
২০২০ সালে জ়াম্পা আরসিবি-র হয়ে খেলেছিলেন, এই মরসুমে তিনি ৩ ম্যাচে ২ উইকেট নিয়েছিলেন। ২০২৩ সালে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলে ৬ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন। ২০২৫ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তিনি মাত্র ২ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, যেখানে তাঁর নামের পাশে ছিল ২ উইকেট।
পিএসএল ২০২৬-এ খেলছেন জ়াম্পা
অ্যাডাম জ়াম্পা পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলছেন। যে দলের অধিনায়ক তাঁরই স্বদেশি ডেভিড ওয়ার্নার। করাচি কিংস তাঁকে ৪ কোটি ৫০ লক্ষ টাকায় কিনেছিল (ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৫১ লক্ষ টাকা)। জ়াম্পা জানিয়েছেন যে, তিনি কিছু সময়ের জন্য ক্রিকেট থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তারপর পাকিস্তান সুপার লিগ থেকে প্রস্তাব আসে এবং তিনি খেলার সিদ্ধান্ত নেন।
