Vande Bharat Express: গতি এবং আরামের অনন্য সংমিশ্রণ প্রদানকারী বন্দে ভারত ট্রেনটি ভারতবাসীর অন্যতম পছন্দের ট্রেন হয়ে উঠেছে। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে চালু হওয়ার দুই বছর পর এবার দেশের ৪২তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেলওয়ে (Indian Railways)। ভারতীয় রেলমন্ত্রকের তরফে এই ৪২তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়ানো হবে ট্রেনের কোচের সংখ্যা। নির্দিষ্ট এই ট্রেনটি মূলত ওয়েস্টার্ন রেলওয়ের অধীনে।
৪২তম ট্রেনের রুট ও পরিষেবা:
দেশের ৪২তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি আহমেদাবাদ এবং মুম্বই সেন্ট্রালের মধ্যে চলাচল করে। ২০২৪ সালের ১২মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর সূচনা করেন। এর ঠিক পরদিন অর্থাৎ ১৩ মার্চ থেকে ট্র্যাকে দৌড়োতে শুরু করে ৪২তম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এটি মূলত আহমেদাবাদ – মুম্বই সেন্ট্রাল – আহমেদাবাদ – এই রুটে চলাচল করে। জানা যাচ্ছে, আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেস ৪৯১ কিলোমিটার দীর্ঘ রুট দিয়ে চলাচল করে। যার জন্য সময় লাগে মাত্র ৫ ঘন্টা ৪০ মিনিট।
গুজরাত ও মহারাষ্ট্রের মধ্যে সংযোগস্থাপনে ইতিমধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ট্রেনটি। প্রতি ঘন্টায় প্রায় ৯০ কিলোমিটার বেগে চলার দরুন যাত্রীদের সময় বাঁচে অনেকটাই। এছাড়াও যাত্রী আরামকে অগ্রাধিকার দিয়ে তৈরি এই ট্রেন। আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে সপ্তাহে ছয় দিন চলে। রবিবার এর পরিষেবা বন্ধ থাকে। আহমেদাবাদ এবং মুম্বই সেন্ট্রালের মধ্যে এই যাত্রাপথে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চারটি রেলওয়ে স্টেশনে থামে। সেগুলি হল ভদোদরা, সুরাত, ভাপি এবং বোরিভালি।
২০টি কোচের সুবিধা:
আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেসের কোচ সংখ্যা বাড়িয়ে ২০ করা হয়েছে। বর্তমানে ট্রেনটি ১৬টি কোচ নিয়ে চলাচল করে। তবে এখন আরও ৪টি অতিরিক্ত এসি চেয়ার কার কোচ যুক্ত করা হবে। ফলে ট্রেনের মোট আসনসংখ্যা বেড়ে হবে ২৭৮।
রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে আহমেদাবাদ-মুম্বই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেসের কোচ বাড়ানোর সিদ্ধান্ত যাত্রীদের আরও বেশি সুবিধা প্রদান করবে। এতে কোচগুলিতে অতিরিক্ত ভিড় কমবে এবং যাত্রীদের ট্রেনে আসন পেতে সুবিধা হবে। জানা যাচ্ছে মোট ২০টি কোচ নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করবে মার্চ মাসের ৯ তারিখ থেকে।
