মোহালি: জাতীয় দলে তিনি এখন ব্রাত্য। ব্যক্তিগত জীবনেও ঝড় বয়ে গিয়েছিল। দাম্পত্য জীবনে অশান্তি বিয়ে ভেঙেছিল। সবকিছু কাটিয়ে এখন নতুনভাবে ২২ গজে ফিরতে চলেছেন যুজবেন্দ্র চাহাল। সম্প্রতি তাঁর জাতীয় দলের সতীর্থ কুলদীপ যাদবের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে বেশ খোশমেজাজে দেখা যায় হরিয়ানার স্পিনারকে। আইপিএলে পঞ্জাব কিংসের হয়ে খেলতে নামবেন এই মরশুমেও। তার আগে নিজের প্রস্তুতি থেকে ক্রিকেটে নিজের ভবিষ্যৎ, আগামীর পরিকল্পনা সব কিছু নিয়েই মুখ খুললেন যুজবেন্দ্র চাহাল।
আরসিবিতে একটা সময়ে অনেক বছর খেলেছেন চাহাল। সেই দলে তাঁর সতীর্থ ছিলেন এবি ডিভিলিয়ার্স। প্রোটিয়া কিংবদন্তির সঙ্গে এক আলাপচারিতায় এবিডির ইউটিউব চ্যানেলে চাহাল বলেন, ”আমার বয়স এখন ৩৫। আমি মাঠে এখন আগের তুলনায় আরও বেশি করে সক্রিয় থাকতে চাই। দলের জয়ে নিজের অবদান রাখতে চাই। নিজেকে আরও ফিট রাখতে চাই। পুরোপুরি মদ্যপান ছেড়ে দিয়েছিল এখন। প্রায় এক, দেড় বছর হয়ে গেল আমি ছুঁয়েও দেখি না তা। নিজের দেড়শো শতাংশ দিতে মরিয়া থাকব আগামী আইপিএলে।”
আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারী চাহালই। নিজেকে এমন উচ্চতায় নিয়ে যেতে চান, যা দেখে তরুণ প্লেয়াররা বলে বসেন যে ”আমাদের ওঁর থেকে কিছু শেখার আছে।”
গত মরশুমে ফাইনালে উঠেছিল শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন পঞ্জাব কিংস। কিন্তু আরসিবির বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। মাত্র ৬ রানে হেরে যেতে হয়েছিল তাদের। চাহাল জানান যে নক আউটে গতবার চোট আঘাত সঙ্গে নিয়েই মাঠে নেমেছিলেন। এছাড়াও ফাইনালে ইয়েনেসের না থাকাটাও যে একটা তফাৎ গড়ে দিয়েছিল, তা বলেন চাহাল। এই মুহূর্তে ২২১ উইকেটের মালিক চাহালের লক্ষ্য আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে আড়াইশো উইকেটের মালিক হওয়া।
জাতীয় দলের জার্সিতে একটা সময় ছিল যখন তাঁরা একত্রে কব্জির মোচড়ে বিশ্বের তাবড় তাবড় ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নিতেন। এখন দুইজনে একজনই ভারতীয় দলে খেলছেন। তবে কুল-চা জুটির কুলদীপ ও যুজবেন্দ্র চাহালের বন্ধুত্ব কিন্তু এখনও অটুট। আর এক বন্ধু বিয়ে করছে, আরেক বন্ধু সেখানে থাকবে না, তাও হয় নাকি? সেই কারণেই তারকা ক্রিকেটার নিজের প্রিয় সতীর্থের বিয়েতে পৌঁছে গিয়েছিলেন চাহাল। বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েই চাহালকে বলতে শোনা যায়, ‘আমি দারুণ উত্তেজিত আমার ভাইয়ের বিয়ে নিয়ে। অনুষ্ঠানে প্রচুর নাচ করতে চাই। খুব আনন্দ করতে চাই। ওঁরা খুব সুখী হোক।’ বিয়ের মঞ্চে পরে চাহালকে নাচতেও দেখা যায়।
