মুম্বই: আদৌ কি এই বছরের আইপিএল আয়োজন করা সম্ভব হবে? দেশব্য়াপী যেভাবে এলপিজি গ্যাসের সরবরাহ ধাক্কা খেয়েছে। তাতে কিন্তু আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলা এই মেগা টুর্নামেন্ট আয়োজন নাও হতে পারে বা পিছিয়েও যেতে পারে। পশ্চিম এশিয়ায় যুদ্ধকালিন পরিস্থিতির জন্যই জ্বালানি গ্যাসে টান পড়েছে। মুম্বই সহ দেশের বিভিন্ন শহরের অনেক বড় বড় রেস্তোঁরা বন্ধ হওয়ার পথে। কোনও কোনও বড় হোটেলকে তো সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। আইপিএল চেয়ারম্য়ান অরুণ ধূমাল জানিয়েছেন, পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। সেই মতই সিদ্ধান্ত নেওয়া হবে।
আইপিএল আয়োজনের সময় দেশের তো নয়, বিদেশের প্রচুর প্লেয়ার আসেন। তাঁদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করা হয় বিভিন্ন শহরের ফাইভ স্টার হোটেলগুলোতে। এছাড়াও অনেকের পরিবার-পরিজনরাও আসেন। হোটেল পর্যাপ্ত জ্বালানির ব্যবস্থা না থাকলে তা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাইয়ের মত বড় বড় শহরে গত কয়েক দিন ধরে এলপিজি জ্বালানির সংকট দেখা গিয়েছে। সংবাদ সংস্থা IANS কে দেওয়া সাক্ষাৎকারে অরুণ ধুমাল জানিয়েছেন, ”এখনও পর্যন্ত কিছুটা চ্যালেঞ্জের মুখে তো আমাদের পড়তে হবে বলেই মনে হচ্ছে। হোটেলগুলোর তরফে আমাদের কিছু জানানাে হয়নি যদিও। আমাদের হোটেল বুকিংয়ের বিষয় থাকে। প্লেয়ারদের নিরাপত্তার একটা ইস্যু থেকেই যায়। সব মিলিয়ে আরও কিছুদিন পরিস্থিতি দেখেই আমরা যে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছতে পারব।”
একেই যুদ্ধকালিন পরিস্থিতির জন্য দীর্ঘ সময় জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা ভারতে আটকে ছিলেন। যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া। হরমুজ প্রণালীতে আটকে আছে বহু জাহাজ। প্রভাব পড়েছে অপরিশোধিত তেল সরবরাহে। এই পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ‘নিয়ন্ত্রণ’-এর রাস্তায় হেঁটেছে কেন্দ্র। বাণিজ্যিক গ্যাসের জোগানে টান পড়ায় মুম্বইয়ের অন্তত ২০ শতাংশ হোটেল এবং রেস্তরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে, সেখানকার হোটেল এবং রেস্তোরাঁগুলির সংগঠন ‘আহার’। সংগঠনের দাবি, জোগান স্বাভাবিক না-হলে, কয়েক দিনের মধ্যে শহরের অন্তত ৫০ শতাংশ হোটেল-রেস্তোরাঁ বন্ধ করে দিতে হবে। বাণিজ্য নগরীর পাশাপাশি, LPG সঙ্কটে ভারতের সিলিকন ভ্যালিও। বেঙ্গালুরুতেও দেখা দিয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের আকাল। শহরের সমস্ত হোটেল এবং রেস্তরাঁ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেঙ্গালুরুর হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। দুর্ভোগের একই ছবি – উত্তর প্রদেশের লখনউ, বারাণসী থেকে কর্ণাটক, গুজরাতের বিভিন্ন শহরে।
