March 22, 2026
93758419151b7940b0c0e998871cde101774168156468338_original.jpg
Spread the love


নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে এবার ভারতে হামলা চালানোর হুমকি পাকিস্তানের। রাজধানী দিল্লি এবং বাণিজ্যনগরী মুম্বইয়ে হামলা চালানোর হুমকি দিল ইসলামাবাদ। পশ্চিম এশিয়ায় আগে থেকেই যুদ্ধ চলছে। আফগানিস্তানের সঙ্গে সংঘাত অব্যাহত পাকিস্তানেরও। সেই আবহেই ভারতে হামলা চালানোর হুমকি দিল তারা। বিদেশি রাষ্ট্র থেকে তাদের উপর হামলা নেমে এলে, পড়শি দেশ ভারত রক্ষা পাবে না বলে জানাল। (India-Pakistan Conflict)

২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনার আব্দুল বাসিত। আমেরিকা এবং ইজ়রায়েল যদি তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করে, তাদের পরমাণু অস্ত্রভাণ্ডার গুঁড়িয়ে দিতে চায়, তাহলে ভারতের রক্ষে নেই বলে জানালেন, যা আসলে হুমকি বলেই মনে করছে কূটনৈতিক মহল। আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলাকালীন এই মন্তব্যে মোটেই হেলাফেলা করা উচিত নয় বলে মনে করা হচ্ছে। (Abdul Basit)

ইরানের উপর যেভাবে হামলা চালিয়েছে আমেরিকা এবং ইজ়রায়েল, পাকিস্তানের উপর তেমন আঘাত নেমে এলে কী করবে ইসলামাবাদ, সেই নিয়ে আলোচনা চলছিল। সেখানে বাসিত বলেন, “আমেরিকা যদি পাকিস্তানে হামলা চালায়, সেক্ষেত্রে আমাদের ভারতকে আক্রমণ করতে হবে- মুম্বই, দিল্লি। এক সেকেন্ডও নষ্ট করা যাবে না। একদম ছেড়ে কথা বলব না আমরা। পরে কী হয় দেখা যাবে। এটা জেনে রাখা দরকার সকলের। ভারতেরও জেনে রাখা দরকার।”

সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা চলছিল যদিও। কিন্তু যে দ্রুততার সঙ্গে বাসিত দিল্লি এবং মুম্বইয়ে হামলার কথা বলেন, তা নজর কেড়েছে সকলের। পরে যদিও বাসিত জানান, এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কিন্তু একেবারে সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। বরং দিল্লি এবং মুম্বইয়ে হামলা চালাতে পাকিস্তান যে দ্বিধা করবে না, তা বুঝিয়ে দেন। বলেন, “আমাদের রক্তচক্ষু দেখালে, ভারতে হামলা চালানো ছাড়া উপায় থাকবে না, সে যেখানেই হোক না কেন। তাই আমরাও চাই না এমন কোন পরিস্থিতি আসুক, ভারতও চায় না।”

দীর্ঘ সময় ভারতে থেকেছেন বাসিত। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যখন জটিল থেকে জটিলতর হচ্ছিল, সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি। তাই তাঁর মন্তব্যকে খাটো করে দেখতে নারাজ অনেকেই। বিশেষ করে এই মুহূর্তে যখন আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষ চলছে পাকিস্তানের, আফগানিস্তানের তালিবান সরকারকে ভারত মদত জোগাচ্ছে বলে যখন অভিযোগ তুলছে তারা, ঠিক সেই সময় বাসিতের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতের তরফে এখনও পর্যন্ত সরকারি ভাবে এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks