নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে এবার জরুরি বৈঠক সারলেন প্রধানমন্ত্রী। ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির সেই বৈঠকে কেন্দ্রের তরফে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা খতিয়ে দেখেন তিনি। LPG সরবরাহ যাতে পর্যাপ্ত থাকে তা নিশ্চিত করতে বলা হয়। আধিকারিকরা জানান যে, বিভিন্ন দেশ থেকে নতুন উৎসের মাধ্যমে এলপিজি ও এলএনজির সরবরাহ সম্প্রসারিত হওয়ায়, অভ্যন্তরীণ এলপিজির দাম অপরিবর্তিত রয়েছে। মজুতদারি ও কালোবাজারি রোধে অবৈধ-পাচার বিরোধী অভিযানও চালানো হচ্ছে। বৈঠকে জ্বালানি শুল্ক, বিদ্যুৎ খাতের প্রস্তুতি এবং সরবরাহ ব্যবস্থা সহ অত্যাবশ্যকীয় সরবরাহে স্থিতিশীলতা নিশ্চিত করার পদক্ষেপগুলি পর্যালোচনা করা হয়েছে। আগামী মাসগুলিতে বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত কয়লার মজুত রয়েছে, পাশাপাশি গ্যাস-ভিত্তিক প্ল্যান্টের জন্য নিয়মকানুন শিথিল করা এবং তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লার সরবরাহ বাড়ানোর মতো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আসন্ন এই চ্যালেঞ্জগুলি প্রশমিত করার জন্য কৃষি, সার, নৌ-পরিবহন, বিমান চলাচল, সরবরাহ ব্যবস্থা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে।
Chaired a meeting of the Cabinet Committee on Security (CCS). Reviewed the steps being taken by various Ministries and Departments in the wake of the ongoing West Asia conflict and also discussed the next set of initiatives to be taken. Aspects relating to sectors like energy,… pic.twitter.com/vb0UluPbtu
— Narendra Modi (@narendramodi) April 1, 2026
এদিকে ফের বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম। এক ধাক্কায় বাড়ল ২১৮ টাকা। নতুন দাম হল ২ হাজার ২০৮ টাকা। পাশাপাশি বাড়ল অটোর LPG-র দামও। ফলে ভোটের মুখে বোঝা বাড়ল মধ্যবিত্তের। সমস্যায় রেস্তোরাঁ মালিক থেকে অটোচালকরা।
নতুন আর্থিক বছরের শুরুতেই পেট্রোপণ্যে বোঝা বাড়ল। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল এক ধাক্কায় ২১৮ টাকা। লিটারে প্রায় সাড়ে ১২ টাকা বাড়ল অটো LPG-র দাম। বিমানের জ্বালানি এভিয়েশন টার্বাইন ফুয়েল বা ATF-এর দাম বাড়ল প্রতি লিটারে ১৫ টাকা। ফলে পশ্চিম এশিয়ায় যুদ্ধের গনগনে আঁচে ক্রমশ তপ্ত হচ্ছে ভারতের জ্বালানির বাজার। চাপ ক্রমশ বাড়ছে সাধারণ মানুষের ওপর। গত ১ মাসে কার্যত তিনবার বাড়ল ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম। পয়লা মার্চ বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩১ টাকা বে়ড়ে হয়েছিল ১ হাজার ৮৭৫ টাকা ৫০ পয়সা। ৭ মার্চ আরও ১১৪ টাকা ৫০ পয়সা দাম বেড়ে হয় ১৯৯০ টাকা। আর ৩১ মার্চ, রাতে আরও ২১৮ টাকা বেড়ে বর্তমানে এই দাম হল ২ হাজার ২০৮ টাকা।
