হায়দরাবাদ: এশিয়া কাপে শুভমন গিলকে বোল্ড করে ঘাড় নেড়ে তাঁকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বলে বিতর্ক বাঁধিয়েছিলেন পাকিস্তানের স্পিনার আব্রার আমেদ (Pakistan’s Abrar Ahmed)। পরে যিনি ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ঝামেলায় জড়ান। সেই ক্রিকেটারকে দ্য হান্ড্রেড টুর্নামেন্টের জন্য নিলাম থেকে কিনেছে সানরাইজার্স লিড (Sunrisers Leeds’ X account)। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদেরও মালিক। কলানিধি মারান, কাব্য মারানের দল হিসাবেই পরিচিত।
আব্রার আমেদকে দলে নেওয়ার পর থেকেই বিদ্রুপের ঝড়ের মুখে সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ। তাদের আইপিএল ম্যাচ বয়কটের দাবিতেও সরব সোশ্যাল মিডিয়া। বিরুপ প্রতিক্রিয়ার মধ্যে সানরাইজার্স লিডসের এক্স হ্যান্ডল বন্ধ করে দেওয়া হল!
১২ মার্চ, বৃহস্পতিবার থেকেই সানরাইজার্সের এক্স হ্যান্ডল খুলছে না। কেউ সানরাইজার্স লিডস এক্স অ্যাকাউন্ট খুলতে গেলেই তাঁকে দেখানো হচ্ছে, ‘অ্যাকাউন্ট সাসপেন্ডেড। নিয়ম ভাঙায় এক্স এই অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছে।’ যদিও এক্স কর্তৃপক্ষ ঠিক কী কারণে সানরাইজার্স লিডসের এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে তা জানায়নি।
সান গ্রুপের মালিকানাধিন দল ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৩৪ লক্ষ টাকায় পাক স্পিনারকে নিলামের টেবিল থেকে দলে নিয়েছে। ফ্র্যাঞ্চাইজির সিইও কাব্য মারান ও হেড কোচ ড্যানিয়েল ভেত্তোরি নিলামের টেবিলে হাজির ছিলেন।
ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেট লিগ ‘দ্য হান্ড্রেড’-এর নিলামের অনুষ্ঠান পর্ব হয়েছে বৃহস্পতিবার। সেই নিলাম পর্বেই সানরাইজার্স লিডস দলের নিলাম টেবিলে ছিলেন কাব্য মারান। যিনি সানরাইজার্স গ্রুপের মালকিন। তাঁকে নিয়েই সমালোচনার ঝড় উঠেছে। আসলে পাকিস্তানের স্পিনার আব্রার আমেদকে দলে নিয়েছে কাব্য। এরপরই এই সিদ্ধান্ত নিয়ে সোশ্য়াল মিডিয়ায় ঝড় উঠেছে। আইপিএলের সঙ্গে যুক্ত যে ফ্র্যাঞ্চাইজির, তারা কীভাবে একজন পাকিস্তানের ক্রিকেটারকে দলে নিয়েছেন, তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজি রয়েছে কাব্য মারানের।
আব্রার আমেদ একে তো পাকিস্তানের ক্রিকেটার। এর আগে কমান্ডার অভিনন্দন বর্তমানকে নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্ট করেছিলেন। ‘অপারেশন সিঁদুর’ এর মত শব্দ ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করেছেন বলে অভিযোগ। তারপর শুভমনে মাঠ থেকে বেরিয়ে যেতে বলে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের চক্ষুশূল হয়ে পড়েন। এরপরও সেই পাকিস্তানের ক্রিকেটারকে কীভাবে দলে নিলেন কাব্য মারান, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই তো সানরাইজার্স হায়দরাবাদকেও আইপিএলে বয়কটের ডাক দিয়েছেন ।
