চেন্নাই: দেশের সর্বকালের সেরা স্পিনারদের একজন তিনি। টেস্টে অনিল কুম্বলের পর দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক। ২০১১ বিশ্বকাপ ঝুলিতে রয়েছে তাঁর। সেই রবিচন্দ্রন অশ্বিনই এবার খেলবেন দেশের বাইরে। ভারতের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে বড় পদক্ষেপ নিলেন চেন্নাইয়ের এই ক্রিকেটার। আমেরিকার মাটিতে এবার খেলতে দেখা যাবে অশ্বিনকে। চলতি আইপিএলে যে তিনি খেলবেন না তার আভাস দিয়ে আগেই অবসর নিয়ে নিয়েছিলেন। তাই বিদেশে খেলতে আর কোনও সমস্যা নেই অশ্বিনের।
শনিবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি সান ফ্রান্সিসকো ইউনিকর্নের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন অশ্বিন। এক বিবৃতিতে এটি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। রবিচন্দ্রন অশ্বিন দেশের জার্সিতে সব ফর্ম্য়াট মিলিয়ে ২৮৭ ম্য়াচ খেলেছেন। মোট ঝুলিতে পুরেছেন ৭৬৫ উইকেট। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর গত বছর আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন অশ্বিন।
কিংবদন্তি ভারতীয় স্পিনার এর আগে বিগ ব্য়াশেও খেলতেন। সিডনি থান্ডারের হয়ে খেলার কথা ছিল। কিন্তু হাঁটুর চোটের জন্য খেলতে পারেননি তিনি। মেজর লিগ ক্রিকেটে খেলার সুযোগ পাওয়া প্রসঙ্গে অশ্বিন বলেন, ”আমার কাছে বিরাট দায়িত্ব। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে মেজর লিগ ক্রিকেটে খেলব। ভীষণ উত্তেজিত আমি।” আগামী ১৮ জুন থেকে শুরু হবে এই টুর্নামেন্ট।
দেশের জার্সিতে খেলা থেকে অবসর নেওয়ার পরের বছরই আইপিএল ছেড়েছিলেন। বর্তমানে নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় ক্রিকেট ও আইপিএলের বিভিন্ন দলের পারফরম্য়ান্স নিয়ে পর্যালোচনাও করেন। কিছুদিন আগেই ওয়ান ডে ফর্ম্যাটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছিলেন অশ্বিন। আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপের পর না কি এই ফর্ম্যাচ আর চলবেই না। অশ্বিন বলেছিলেন, ”আমি নিশ্চিত নই যে ওয়ান ডে ফর্ম্য়াটে ২০২৭ সালের বিশ্বকাপের পর এই ফর্ম্য়াটের জনপ্রিয়তা কতটা থাকবে। আমি কিছুটা চিন্তিত। আমি বিজয় হাজারে ট্রফি দেখছি যদিও। কিন্তু দর্শকদের পছন্দটাও তো গুরুত্ব দিতে হবে। এই ফর্ম্যাট চালিয়ে নিয়ে যাওয়া ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে। আমাদের বুঝতে হবে দর্শকরা কোন ফর্ম্য়াট দেখতে পছন্দ করছেন। টেস্ট ক্রিকেটের এখনও একটা চাহিদা রয়েছে। কিন্তু ওয়ান ডে ফর্ম্য়াটে? আমি সত্যিই মনে করি যে এই ফর্ম্য়াটে এখন আগের মত আর জনপ্রিয় নয়। তাই ওয়ান ডে ফর্ম্য়াট আদৌ বেশিদিন চলবে বলে আমার অন্তত মনে হয় না।”
