লাহৌর: গত সপ্তাহে শুধু আইপিএল নয়, শুরু হয়েছে পড়শি দেশের ফ্র্যাঞ্চাইজ়ি লিগ পিএসএলও (PSL 2026)। তবে শুরুর প্রথম দিন থেকেই ক্রিকেটের থেকে বেশি বিতর্কের জন্য বারংবার শিরোনামে উঠে আসছে পাকিস্তান সুপার লিগ। সপ্তাহান্তে ফের একবার এক বিতর্ক এই লিগকে শিরোনামে এনে দিল।
রবিবাসরীয় সন্ধেতে লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে লাহৌর কালান্দার্সের মুখোমুখি হয়েছিল করাচি কিংস। সেই ম্যাচে বিতর্কে জড়ালেন লাহৌরের ফখর জামান (Fakhar Zaman)। ঘটনাটি ঠিক কী? ঘটনাটি ঘটে ম্য়াচের ১৯তম ওভারে। লো স্কোরিং থ্রিলারের শেষ ওভারে করাচির জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রানের। লক্ষ্য সহজ ছিল না।
এমন সময়ই দেখা যায় বোলার হ্যারিস রউফের হাত থেকে বল নিয়ে তাতে ফখর কিছু একটা ঘষছেন। তারপরেই তিনি আবার হ্যারিসের হাতে বল তুলে দেন। তবে ম্য়াচের আম্পায়াররা গোটা বিষয়টি পর্যবেক্ষণ করছিলেন এবং তৎক্ষনাৎ তাঁরা বিষয়টি বুঝে বলটি দেখতে চান। নিজেদের মধ্যে খানিক আলোচনার পর তাঁরা সিদ্ধান্ত নেন যে ইচ্ছা করে বলটিকে বিকৃত করা হয়েছে।
— mediaaaa (@pctarchive) March 29, 2026
তখনই আইসিসির নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ দল করাচিকে বাড়তি পাঁচ রান পেনাল্টি হিসাবে দেওয়া হয়। ম্যাচের বল বদল করা হয় এবং ফখরকে সতর্ক করা হয়। ম্যাচের পর সম্ভবত এই বিষয়ে তাঁর বিরুদ্ধে তদন্তও করা হবে। গোটা বিষয়টি ক্যামেরাবন্দি হওয়ায় ফখর কার্যত হাতে নাতেই ধরা পড়েন।
অবশ্য পিএসএলের বল ঘিরে এটাই প্রথম বিতর্ক নয়। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই এক অভূতপূর্ব ঘটনা ঘটে। প্রথম ম্য়াচের প্রথম ইনিংসেই সম্পূর্ণ বদলে যায় বলের রং। তা সাদা থেকে হয়ে যায় গোলাপি। সেটিও লাহৌরেরই ম্যাচ ছিল। প্রতিপক্ষ ছিল হায়দরাবাদ কিংসম্যান।
অবশ্য এই বিষয়ে কারুর দোষ ছিল না। আসলে বল চকচকে রাখার জন্য প্রতিটি দলই নিজেদের জার্সিতে বল ঘষে। আর সেই ঘষাই কাল হয়। হায়দরাবাদ কিংসম্যানের বাদামি রঙের জার্সি থেকে রং উঠে তা বলে লেগে গিয়ে বলটিকে গোলাপি করে তোলে। জার্সি থেকে এমনভাবে রং উঠছে দেখে তো সকলেই হতবাক। কিংসম্যানের অধিনায়ক মার্নাস লাবুশেন তো বলেই দেন, তিনি এমন ঘটনা কোনওদিন দেখেননি। তারপরেই ফখরদের বল বিকৃত করার এই ব্যর্থ প্রচেষ্টা। সব মিলিয়ে বলা বাহুল্য পিএসএলের প্রথম সপ্তাহ ঘিরে শুধুই বিতর্ক আর বিতর্ক।
