বেঙ্গালুরু: আজ থেকে শুরু হয়ে গেল আইপিএল। প্রথম ম্য়াচেই মাঠে নামছেন বিরাট কোহলি (Virat Kohli)। আরসিবি খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। টস জিতে ইতিমধ্যেই আরসিবি অধিনায়ক রজত পাতিদার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সেক্ষেত্রে বিরাটকে ব্যাট হাতে নামতে দেখা যাবে ম্য়াচের দ্বিতীয় ইনিংসে। কিন্তু ম্যাচ হাতে এদিন যদি জ্বলে উঠতে পারেন কিং কোহলি, তাহলেই কিন্তু আরও একটা বিশ্বরেকর্ড গড়ে ফেলতে পারেন তিনি। কী সেই বিশ্বরেকর্ড?
টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্ব ক্রিকেটে এশিয়ান ব্য়াটারদের মধ্যে এখনও পর্যন্ত সর্বাধিক রানের মালিক পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শোয়েব মালিক। তিনি এখনও পর্যন্ত বিশ্বব্যাপী টি-টোয়েন্টি ফর্ম্যাটে মোট ৫৫৭ ম্য়াচ খেলে ১২৫৭১ রান করেছেন। তাঁকে টেক্কা দিতে বিরাট কোহলির প্রয়োজন আর মাত্র ২৯ রান। অর্থাৎ বোঝাই যাচ্ছে একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কিং কোহলি। আরসিবি তারকা আইপিএল ও দেশের জার্সি মিলিয়ে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এখনও পর্যন্ত ৪১৪টি ম্য়াচ খেলে মোট ১৩,৫৪৩ রান করেছেন। তিনি ৪১.৯২ গড়ে ব্যাটিং করেছেন। তার মধ্যে রয়েছে ৯টি সেঞ্চুরি। বেঙ্গালুরুর ব্যাটিং সহায়ক উইকেটে ওপেনে নামবেন কোহলি। তাই নিশ্চিতভাবেই এদিনই যে মালিকের রান টপকে যেতে পারে, তা বলাই যায়।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিরাট কোহলি এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ২৪টি ম্য়াচ খেলেছেন। ঝুলিতে পুরেছেন ৮০৪ রান। এরমধ্যে একটি সেঞ্চুরি ও পাঁচটি অর্ধশতরান রয়েছে। ১৪১.৯৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন অরেঞ্জ আর্মির বিরুদ্ধে। চিন্নাস্বামী স্টেডিয়াম এমনিতেও বিরাটের জন্য খুবই পয়া মাঠ। এই মাঠে প্রচুর রান করেছেন তিনি। হায়দরাবাদের বিরুদ্ধে এই মাঠে এখনও পর্যন্ত আইপিএলে আটবার খেলতে নেমে ৩৩৩ রান করেছেন। ৪৭.৫৭ গড়ে ব্যাটিং করেছেন তিনি। ৩টি অর্ধশতরানও করেছেন।
টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এশিয়ার এক নম্বর ব্যাটার হওয়া যে কোনও প্লেয়ারের কাছেই কৃতিত্বের ব্যাপার। আইপিএলের ইতিহাসে সর্বাধিক রানের মালিক অনেক আগেই হয়ে গিয়েছেন কোহলি। এবার এশিয়ার ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের মালিক হওয়ার পালা। কোহলি এই মুহূর্তে দেশের জার্সিতে শুধুমাত্র ওয়ান ডে ফর্ম্যাটেই খেলেন। টি-টোয়েন্টি ও টেস্ট ফর্ম্য়াট থেকে সরে দাঁড়িয়েছেন। তাই কুড়ির ফর্ম্য়াটে শুধুমাত্র আইপিএলেই দেখা যায় প্রাক্তন ভারত অধিনায়ককে। বয়স বাড়লেও এখনও ব্যাট হাতে নামলে যে কোনও প্রতিপক্ষ বোলারের ভয় ধরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন কিং কোহলি। এবারও কি চেনা ফর্মেই থাকবেন?
