নয়াদিল্লি : যেমন কথা, তেমন কাজ। ইরানের হামলা চালাতে মার্কিন বিমানকে তাদের আকাশপথ ব্যবহার করতে দেবে না। তাই তাদের জন্য আকাশপথ বন্ধ করে দিল স্পেন। যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছিল তারা। স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবেলস এ সম্বন্ধে জানিয়েছেন। মাদ্রিদে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা ইরানে যুদ্ধ-সম্পর্কিত কোন কর্মকাণ্ডের জন্য সামরিক ঘাঁটি বা আকাশসীমা ব্যবহারের অনুমোদন দিইনি।” এই সংক্রান্ত খবর প্রথম দেয় স্পেনের সংবাদমাধ্যম El Pais। মিলিটারি সূত্রকে উদ্ধৃত করে এই খবর জানায় তারা। রিপোর্ট অনুয়ায়ী, এই নিষেধাজ্ঞার ফলে সামরিক বিমানগুলিকে মধ্যপ্রাচ্যের টার্গেটে যাওয়ার সময় ন্যাটো সদস্য স্পেনকে এড়িয়ে যেতে হবে। তবে, জরুরি পরিস্থিতিতে এই আকাশসীমা বন্ধের বিষয়টি প্রযোজ্য হবে না।
স্পেনের অর্থনীতি মন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেছেন, এই সিদ্ধান্তটি সংঘাতের বিরুদ্ধে সরকারের বৃহত্তর অবস্থানের প্রতিফলন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই সিদ্ধান্তটি স্প্যানিশ সরকারের পূর্ব-নির্ধারিত সেই সিদ্ধান্তেরই একটি অংশ, যেখানে তারা একতরফাভাবে এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে শুরু হওয়া কোনও যুদ্ধে অংশগ্রহণ বা তাতে অবদান না রাখার সিদ্ধান্ত নিয়েছে।”
প্রসঙ্গত, ইরানের ওপর আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার বিরুদ্ধে যেসব রাষ্ট্রনেতা সরব হয়েছেন তাঁদের মধ্যে অন্যতম স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ। তাঁর এই স্পষ্ট বক্তব্যের পর অবশ্য পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, এই দ্বন্দ্ব চলাকালীন স্পেন সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিতে অস্বীকার করায় মাদ্রিদকে তার অর্থনৈতিক ফল ভোগ করতে হবে।
