মুম্বই: আইপিএলে তাঁকে নিলামের টেবিল থেকে দলে নেওয়ার পরই নজর ছিল ফিন অ্য়ালেনের দিকে। তিনি কেমন পারফর্ম করেন, তা নিয়ে উৎসুক ছিলেন অনেকেই। আইপিএলে কেকেআরের প্রথম ম্য়াচে অ্য়ালেন কিন্তু ঝোড়ো ৩৭ রানের ইনিংস খেললেন। ক্যাপ্টেন অজিঙ্ক রাহানের ব্যাট থেকে এল অর্ধশতরান। হাফ সেঞ্চুরি হাঁকালেন অঙ্গকৃষ রঘুবংশীও। লোয়ার অর্ডারে যোগ্য সঙ্গ দিলেন রিঙ্কু সিংহ। তবে ব্যর্থ হলেন ক্যামেরন গ্রিন। মাত্র ১৮ রান করেই ফিরতে হল তাঁকে। প্রথমে ব্যাটিং করতে নেমে বোর্ডে ২২০ রান তুলে নিল কেকেআর। হার্দিকদের জিততে প্রয়োজন ২২১।
এদিন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। সূর্যকুমার যাদবকে ছাড়াই একাদশ সাজিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। সূর্যকে মূলত ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করার পরিকল্পনা ছিল মুম্বইয়ের। অন্য়দিকে কেকেআর এদিন একাদশে খেলিয়েছিলেন ফিন অ্য়ালেনের সঙ্গে তিন বিদেশি হিসেবে ক্যামেরন গ্রিন, সুনীল নারাইন ও ব্লেজিং মুজারাবানিকে।
নাইটদের জন্য ওপেনিংয়ে নেমেছিলেন রাহানে ও অ্যালেন। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করেন দুই নাইট তারকাই। কিউয়ি ব্যাটারের ব্যাটিং দেখার জন্যই আগ্রহী কেকেআর সমর্থকরা। কাউকে হতাশ করলেন না। অর্ধশতরান হাঁকাতে না পারলেও ১৭ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৬টি বাউন্ডারি ও দুটো ছক্কায়। তবে রাহানেকে নিয়ে হাজারো প্রশ্ন ছিল। তাঁর বয়স হয়ে গিয়েছে। টি-টোয়েন্টির জন্য় একেবারেই না কি উপযুক্ত নয়। এদিন কিন্তু অনেক প্রশ্নের উত্তর ব্য়াট দিয়েই দিয়ে দিলেন জিঙ্কস।
রাহানের ব্যাট থেকে এল ৪০ বলে ৬৭ রান। ৩টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন কেকেআর ক্যাপ্টেন। রাহানে ছাড়াও অর্ধশতরানের ইনিংস খেলেন অঙ্গকৃষ রঘুবংশী। ২৯ বলে ৫১ রানের ইনিংস খেলেন ডানহাতি তরুণ ব্যাটার। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও দুটো ছক্কা হাঁকান রঘুবংশী। তবে কেকেআরের সবচেয়ে বেশি টাকা দিয়ে দলে নেওয়া প্লেয়ার ক্যামেরন গ্রিন সমর্থকদের হতাশ করেন। ১০ বলে ১৮ রান করেই ব্যাট হাতে ইনিংসের সমাপ্তি হয় অজি তারকার। রিঙ্কু লোয়ার অর্ডারে ২১ বলে ৩৩ রানের ইনিংস খেলেন ৪ টি বাউন্ডারির সাহায্যে।
মুম্বই বোলারদের মধ্য়ে সফল বোলার শার্দুল ঠাকুর। তিনি ৩ উইকেট একাই নেন। তবে ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরা কোনও উইকেটই পাননি।
