নয়াদিল্লি: রোহিত শর্মা (Rohit Sharma), আইপিএলের (IPL 2026) সফলতম ক্রিকেটার তথা অধিনায়ক (যুগ্মভাবে)। বছর দু’য়েক আগে তাঁকে সরিয়ে যখন হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক করা হয়, তখন কম আলোচনা হয়নি। সেই সিদ্ধান্তের প্রভাব সরাসরি মাঠেই দেখা গিয়েছিল। কটাক্ষ, বিদ্রুপের শিকার হয়েছিলেন হার্দিক। এবার তাঁর পাল্টা রোহিতকে মরশুম শুরুর আগেই সতর্কবার্তা দিয়ে রেখেছেন হার্দিক?
সাম্প্রতিক সময়ে বিশেষ করে আইপিএলে রোহিতের ব্যাটিং ফর্ম চর্চার কেন্দ্রে উঠে এসেছে। তিনি বিগত ১২ মরশুমের মধ্যে একটিতেও ৫০০ রানে গণ্ডি পার করতে পারেননি। গত মরশুমে মহাতারকা ক্রিকেটার মাত্র ২৯.৮৬ গড়ে ১৫ ম্যাচে ৪১৮ রান করেছিলেন। হাঁকিয়েছিলেন চার অর্ধশতরান। তার আগের মরশুমে পারফরম্যান্স ছিল আরও খারাপ। সেই খারাপ পারফরম্যান্স যদি অব্যাহত থাকে, তাহলে মুম্বই ইন্ডিয়ান্স কিন্তু তা মেনে নেবে না বলে রোহিতকে সতর্ক করেছেন হার্দিক পাণ্ড্য। অন্তত সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির এমনই দাবি ছিল।
তিনি লিখেছিলেন, ‘হার্দিক পাণ্ড্য রিপোর্ট অনুযায়ী রোহিত শর্মাকে আইপিএল ২০২৬-র আগে সতর্ক করে দিয়েছেন। হার্দিক পাণ্ড্য ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছেন রোহিত এ মরশুমেও পারফর্ম করতে না পারলে, তা সহ্য করা ববে না। মুম্বই ইন্ডিয়ান্স বিগত ১০-১২ বছরে রোহিতের পারফরম্যান্সে বিরক্ত, কারণ তিনি সর্বোচ্চ বেতন প্রাপকদের অন্যতম হলেও, প্রায়শই মরশুমে ২০০-৩০০ রান করেছেন, তাও মাত্র ১২০ স্ট্রাইক রেটে।’ এর জবাব দিয়েছে খোদ মুম্বই ইন্ডিয়ান্স। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টটি রিপোস্ট করে তাঁরা লিখেছেন, ‘যা খুশি তাই নাকি’।
Kuch bhi! 😂 https://t.co/lEiFBgaEoh pic.twitter.com/SYw1im5Mfi
— Mumbai Indians (@mipaltan) March 13, 2026
প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্য়েই আইপিএলের সূচি ঘোষণা করা হয়ে গিয়েছে। ২৮ মার্চ থেকে এবারের আইপিএল মরশুম শুরু হচ্ছে। মরশুমের দ্বিতীয় ম্যাচেই মাঠে নামবে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই। পল্টনরা সেই ম্যাচে তিন বারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামবে। মরশুমটা ভাল করে শুরু করতে বদ্ধপরিকর মুম্বই। পাঁচ বছরের খরা কাটিয়ে এবার তাঁরা নিজেদের ষষ্ঠ আইপিএল খেতাব জিততে সক্ষম হয় কি না, সেটাই দেখার বিষয়।
