রাওয়ালপিন্ডি: ঢাকার মীরপুরে বাংলাদেশ বনাম পাকিস্তানের (BAN vs PAK) চলতি সিরিজ়ের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে এক কাণ্ড ক্রিকেটবিশ্বে শোরগোল ফেলে দিয়েছে। বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ পাকিস্তানের তারকা ক্রিকেটার সলমন আলি আঘাকে (Salman Ali Agha) রান আউট করেন। এই নিয়েই যত চর্চা।
ক্রিকেটের নিয়ম মেনেই মিরাজ আঘাকে রান আউট করেন, তাও সেই নিয়ে এত চর্চা কেন? রান আউটের ঘটনাটি ম্যাচের প্রথম ইনিংসে পাকিস্তানের ব্যাট করার সময়ে ঘটে। ম্যাচের ৩৯তম ওভারে মেহেদি হাসান মিরাজের এক বল সোজা ব্যাটে মিড অনের দিকে ঠেলে দেন রিজওয়ান। দৌড়ে বল ধরতে যান মিরাজ, নন স্ট্রাইক এন্ডে থাকা আঘাও ক্রিজে ঢুকতে মরিয়া। তাই প্রথমে দুইজনে খানিকটা ধাক্কাধাক্কি করেন। তারপরে বল থেমে যাওয়ার উপক্রম হলে আঘা নিজেই বল তুলে দিতে যাচ্ছিলেন মিরাজের হাতে। তবে মিরাজ হাতে বল পেয়েই উইকেট ভেঙে দেন। তখন ক্রিজের বাইরেই ছিলেন আঘা। তৃতীয় আম্পায়ার তাই রিপ্লে দেখে পাক ক্রিকেটারকে রান আউট ঘোষণা করেন। এই ঘটনা ঘিরেই ক্রিকেটবিশ্বে শোরগোল।
এই ঘটনা নিয়ে খোঁচা দিতে ছাড়ল না আঘার নিজের দেশের পুলিশও। রাওয়ালপিন্ডি পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় আঘার রান আউটের ছবি টেনে লেখা হয়, ‘রাস্তা হোক বা খেলার মাঠ, নিরাপত্তা সবসময় নিজের দায়িত্বেই শুরু হয়। নিজের ওপর আস্থা রাখু, সতর্ক থাকুন এবং সঠিক সিদ্ধান্ত নিন যাতে নিজে সুরক্ষিত থাকেন এবং অপরকেও সুরক্ষিত রাখতে পারেন।’
Whether on the road or on the playing field, safety begins with personal responsibility.
Trust yourself, stay alert, and make wise decisions to keep yourself and others safe.#SafePunjab #trafficawareness #RoadSafety #StayAlert pic.twitter.com/m3gGu1qFWh
— City Traffic Police, Rawalpindi (@ctprwp) March 13, 2026
প্রসঙ্গত উল্লেখ্য, দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের পর সলমন আলি আঘাকে শাস্তিও দিয়েছে আইসিসি। রান আউট হওয়ার পর রাগে গর্জন করতে করতে মাঠেই নিজের হেলমেট এবং দস্তানা মাটিতে আঁছড়ে ফেলেন। এর জন্য আইসিসি তাঁকে শাস্তিও দিয়েছে। সেই বিষয়ে আঘার মত গোটাটাই ওই পরিস্থিতির গরমা গরমিতে হয়েছে। ‘ওই গোটাটাই ওই পরিস্থিতিতে হয়ে গিয়েছে। আমি যদি ওই পরিস্থিতিতে থাকতাম, তাহলে আমার কার্যকলাপ ভিন্ন হত। তবে তারপর যা যা হয়েছে, সেটা ওই পরিস্থিতির ফলেই তৎক্ষনাৎ হয়েছে।’ দাবি পাক তারকার।
আঘাকে তাঁর এই আচরণের জন্যই শাস্তি দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। আইসিসির নিয়মলঙ্ঘন শাখা লেভেল ১-র নিয়ম ভঙ্গ করেছেন। নিয়ম লঙ্ঘনের ২.২ ধারায় আঘাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।আন্তর্জাতিক ম্যাচ চলাকীন ক্রিকেটের সরঞ্জামের অপমান করার জন্য আঘাকে এই শাস্তি দেওয়া হল। পাক ক্রিকেটারকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। নিজের ভুল এবং শাস্তি মেনে নিয়েছেন আঘা। তাই এই শাস্তি নিয়ে আর শুনানির প্রয়োজন হয়নি।
