নয়াদিল্লি: একজন-দু’জন নয়, একধাক্কায় কয়েক হাজারকে ছাঁটাই। Oracle থেকে Block, পর পর কর্মী ছাঁটাই করে চলেছে তাবড় সংস্থা। অন্য সংস্থাগুলিও কি এবার সেই পথেই হাঁটবে? প্রশ্ন উস্কে দিলেন মাইক্রোব্লগিং সাইট X (সাবেক টুইটার) এবং Block.Inc-র সহ প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সি। এক শ্রেণির কর্মীদের আর কোনও প্রয়োজনই নেই, যন্ত্রমেধা বা AI দিয়েই কাজ মিটে যাবে বলে জানালেন তিনি। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি ৪০০০ কর্মী ছাঁটাই করেছে Block. জ্যাকের দাবি, মিডল ম্যানেজারের মতো পোস্টে কর্মরত লোকজনের আর কোনও প্রয়োজনই নেই। AI এখন কর্মজগতের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। AI দিয়েই মিডল ম্যানেজারের কাজ হয়ে যাবে। ফলে টাকা দিয়ে লোক পোষার দরকার নেই আর। মানুষের চেয়ে AI সমন্বয় রক্ষায় অনেক বেশি পারদর্শী এবং সুপারভাইজারের সংখ্যা যত কম হবে, ব্যবসা তত বেশি দৌড়বে।
মানুষের চেয়ে AI কেন এগিয়ে, তা নিয়ে Sequoia Capital-এর রোয়েলফ বোথার সঙ্গে দীর্ঘ একটি ব্লগও লিখেছেন জ্যাক। তিনি একটি ভবিষ্যৎমুখী প্রতিষ্ঠানের রূপরেখা তুলে ধরেছেন, যাকে ‘ইনটেলিজেন্স নেটিভ’ বা যন্ত্রমেধা নির্ভর প্রতিষ্ঠান বলে উল্লেখ করা হয়েছে। তাঁদের মতে, প্রচলিত ম্যানেজমেন্ট ব্যবস্থা থেকে সরে আসা প্রয়োজন। পরিবর্তে ১) AI নির্ভর পরিকাঠামো গড়ে তুলতে হবে, বিশেষজ্ঞরা সরাসরি AI সিস্টেম থেকে নির্দেশ পাবেন, ২) কিছু সিনিয়র লোক রাখতে হবে, যাঁরা কর্মীদের হাতে-কলমে কাজ শেখাবেন এবং ৩) AI সিস্টেম, যা ম্যানেজারের দায়িত্ব পালন করবে। AI সংযোগরক্ষা, তত্ত্বাবধান এবং সমন্বয়ের কাজ সহজেই করতে পারবে বলে মত জ্য়াক এবং রোয়েলফের।
ফেব্রুয়ারি মাসে ১০০০০ কর্মীর মধ্যে একধাক্কায় ৪০০০ জনকে ছাঁটাই করে Block. সেই সময় জ্যাক জানান, কৌশলী পদক্ষেপই করেছেন তিনি। সংস্থা চালাতে কী প্রয়োজন, তার সংজ্ঞাই বদলে দিয়েছে AI. সঠিক AI প্রযুক্তি হাতে থাকলে, কম সংখ্যক লোক দিয়ে অনেক দ্রুত, অনেক ভাল কাজ করে দেখানো সম্ভব। ছাঁটাইয়ের ঘোষণার পরই Block-এর শেয়ার দরে ২০ শতাংশ বৃদ্ধি চোখে পড়ে। অর্থাৎ বিনিয়োগকারীরাও সংস্থার ওই সিদ্ধান্তকে সমর্থন জানায়।
এর আগেও, AI নির্ভর ভবিষ্যৎ নিয়ে নিজের মতামত তুলে ধরেন জ্যাক। জানান, বর্তমানে রিমোট ওয়র্কিং বা ওয়র্ক ফ্রম হোমের মতো সুবিধা রয়েছে। ফলে ম্যানেজমেন্ট নিয়ে বেশি খরচের কোনও প্রয়োজন নেই। বরং হায়ারার্কি যত কমবে, ততই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব। এতে কাজের গতিও বাড়বে।
