কলকাতা: আর কয়েকদিন পরেই হোলি (Holi)। এই সময় অনেকেই বেড়াতে যান। এছাড়াও যাঁরা নিজের বাড়ি থেকে দূরে অন্য শহরে থেকে কাজ করেন, হোলি উদযাপনে ঘরে ফেরেন তাঁরা। উৎসবের মরশুমে যাত্রীদের মসৃণ ও নিরাপদ যাত্রার কথা মাথায় রেখে গোটা দেশজুড়ে হোলি স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করল ভারতীয় রেল (Indian Railway)। বুধবার রেলমন্ত্রক জানায়, ২৫ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ অবধি দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১২৪৪টি হোলি স্পেশাল ট্রেন চলবে।
মূলত নিয়মিত যে ট্রেনগুলি চলে সেই সকল ট্রেনে চাপ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। বিশেষ পরিষেবা প্রদানকারী এই ট্রেনগুলি দেশের প্রধান শহরগুলি এবং গুরুত্বপূর্ণ স্থানগুলিকে সংযুক্ত করবে। রেলমন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, আসন্ন হোলি উৎসবে যাত্রীদের মসৃণ, নিরাপদ ও আরামদায়ক যাত্রার সুবিধার্থে ভারতীয় রেলওয়ে এই ব্যবস্থা করেছে। প্রয়োজনে এই ট্রেনসংখ্যা বাড়িয়ে ১৫০০ করা হতে পারে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। এই প্রতিবেদনে বেশ কয়েকটি রুটের ট্রেন সম্পর্কে অবগত করা হল।
১২৪৪টি ট্রেনের মধ্যে রয়েছে বেশ কয়েকটি লম্বা রুটের ট্রেন। যেমন মুম্বই, পুনে এবং নাগপুর থেকে শুরু করে দানাপুর, গোরক্ষপুর, হজরত নিজামুদ্দিন, বারাউনি এবং সমস্তিপুর অবধি চলবে ট্রেন। বিশাখাপত্তনম, পুরী এবং ভুবনেশ্বর থেকে ভারতের প্রধান প্রধান শহর যেমন পাটনা, শালিমার, যশবন্তপুর এবং ধানবাদ অবধি চলবে ট্রেন। বিহার ও ঝাড়খণ্ডের গুরুত্বপূর্ণ স্থান যেমন পাটনা, দ্বারভাঙা, ধানবাদ থেকে ট্রেন চলবে নয়াদিল্লি, আনন্দবিহার টার্মিনাল, চন্ডীগড়, SMVT বেঙ্গালুরু পর্যন্ত।
এদিকে, পূর্ব রেলওয়ের (Eastern Railway) তরফেও এই উৎসবের মরশুমে বেশ কয়েকটি ট্রেন চালানো হবে। মূলত যেগুলি হাওড়া, শিয়ালদা, কলকাতা, মালদা শহর, ডানকুনি এবং আসানসোল থেকে শুরু করে বিহার, উত্তর প্রদেশ এবং দিল্লি অবধি চলবে। এখনও পর্যন্ত খবরে, পূর্ব রেল মোট ২২টি হোলি স্পেশাল ট্রেন চালাবে। এর জন্য ৪৮টি ট্রিপ চালানো হবে বলে খবর।
পাশাপাশি, দক্ষিণ পূর্ব রেলওয়ের (South Eastern Railway) তরফে ১০৭টি ট্রিপের মাধ্যমে মোট ২৮টি হোলি স্পেশাল ট্রেন চালাবে। এই ট্রেনগুলি মূলত সাঁতরাগাছি, শালিমার, রাঁচি, টাটানগর, হাতিয়া এবং ভঞ্জপুর থেকে পূর্ব, উত্তর এবং দক্ষিণাঞ্চলের একাধিক জায়গা পর্যন্ত চলবে।
দক্ষিণ ভারত থেকে জয়পুর, আজমির এবং মুজাফফরপুরের মতো উত্তরাঞ্চলের শহরগুলির জন্য MGR চেন্নাই সেন্ট্রাল, সেকেন্দ্রাবাদ এবং SMVT বেঙ্গালুরু থেকে হোলি স্পেশাল ট্রেনগুলি চলবে। এদিকে,মুম্বই সেন্ট্রাল, আহমেদাবাদ এবং সুরাট যেতে হলেও ট্রেন মিলবে কানপুর, কাটিহার এবং ভাগলপুর থেকে।
এগুলি ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ রুটে চলবে হোলি স্পেশাল ট্রেন। যাত্রীসুবিধাকে মান্যতা দিয়ে এই পদক্ষেপ করেছে ভারতীয় রেল। প্রসঙ্গত, চলতি মাসের ১৮ তারিখ থেকে হোলি স্পেশাল ট্রেনের টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে।
