সন্দীপ সরকার, কলকাতা: সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (CAB President Sourav Ganguly) আগেই ঘোষণা করেছিলেন, বেঙ্গল প্রো টি-২০ লিগের (Bengal Pro T20) তৃতীয় সংস্করণে ক্রিকেটারেরা কে কোন দলে খেলবেন, তা ঠিক করতে নিলাম করা হবে। আইপিএলের ধাঁচে। আগের দুবারের মতো ড্রাফ্টিংয়ের মাধ্যমে নয়। সেই মতো রবিবার শহরের এক হোটেলে আয়োজিত হল বেঙ্গল প্রো টি-২০ লিগের নিলাম পর্ব। ঘর গুছিয়ে নিল আট দল।
সেই নিলামে সবচেয়ে বেশি চর্চা চলল শাহবাজ আমেদকে (Shahbaz Ahmed) নিয়ে। নিলামে সর্বোচ্চ দাম পেলেন। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা অলরাউন্ডারকে ১২ লক্ষ ২০ হাজার টাকায় দলে নিল শ্রাচী ট্রাইবস রাঢ় টাইগার্স (Shrachi Tribes Rarh Tigers)। এই দলের হয়ে আগেও খেলেছেন তিনি। রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাঁকে ধরে রাখা হল। এছাড়া বড় দাম পেলেন অভিষেক পোড়েল (১০ লক্ষ ৪০ হাডার টাকা), মুকেশ কুমার (৯ লক্ষ ৬০ হাজার টাকা) ও আকাশ দীপ (৩ লক্ষ টাকা)।
সব মিলিয়ে ৪ কোটি ৮ লক্ষ টাকা ছিল দলগুলির হাতে। অভিষেক পোড়েলকে নিল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স, মুকেশকে নিল সোবিস্কো স্ম্যাশার্স, আকাশ দীপ গেলেন সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সে। মুকেশ ও আকাশকেও আরটিএম কার্ড ব্যবহার করে নেওয়া হল। ২ লক্ষ ৯০ হাজার টাকায় যুধাজিৎ গুহকে নিল অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স। পুরুষদের নিলামে ক্রিকেটারদের মোট পাঁচটি বিভাগ ছিল। এ প্লাস, এ, বি, অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ১৬।
এবারের বেঙ্গল প্রো টি-২০ লিগে নতুন দল হিসাবে আত্মপ্রকাশ হচ্ছে নোভাস পুরুলিয়া রয়্যালসের (Novus Purulia Royals)। নিলাম থেকে ঘর গুছিয়ে নিল তারাও। তবে প্রশ্ন উঠেছে এই দলের নিলামের টেবিল দেখে। কারণ, নোভাস পুরুলিয়া রয়্যালসের নিলামের টেবিলে ছিলেন সুরজিৎ লাহিড়ী। যিনি সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের সদস্য!
এমনিতে বাংলার সিনিয়র ও বিভিন্ন বয়সভিত্তিক দলের সঙ্গে যুক্ত কোচ ও সাপোর্ট স্টাফেরা বেঙ্গল প্রো টি-২০ লিগের ফ্র্যাঞ্চাইজি দলগুলিতে কোচিং করান। ঋদ্ধিমান সাহা, সৌরাশিস লাহিড়ী, শিবশঙ্কর পালরা এভাবেই বিভিন্ন দলের সঙ্গে যুক্ত থাকেন। তবে সেক্ষেত্রে তাঁদের সাময়িকভাবে সরে দাঁড়াতে হয় বাংলার কোচিং থেকে। বেঙ্গল প্রো টি-২০ লিগ শেষ হলে তাঁদের নতুন করে নিয়োগ করা হয় বাংলার বিভিন্ন দলে। যাতে স্বার্থের সংঘাত এড়ানো যায়।
কিন্তু সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের সদস্য সুরজিৎ কী করে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক একটি টুর্নামেন্টের নিলামের টেবিলে থাকলেন, তা নিয়ে প্রশ্ন তুলছে সিএবি-রই একাংশ। বলা হচ্ছে, এটাও তো স্বার্থের সংঘাত। লোঢা কমিটির সুপারিশ মেনে ভারতীয় ক্রিকেট বোর্ড সহ সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থার গঠনতন্ত্র বদলে যাওয়ার পর যা নিয়ে বেশ কড়াকড়ি মেনে চলা হয় এখন।
এবার প্রথমে ঠিক ছিল ৯ দলকে নিয়ে হবে টুর্নামেন্ট। তবে শেষ মুহূর্তে সরে দাঁড়ায় হারবার ডায়মন্ডস। তাই আট দল নিয়েই হচ্ছে বেঙ্গল প্রো টি-২০।
সেরা দাম পাওয়া দশ ক্রিকেটার
- শাহবাজ আমেদ – ১২.২০ লক্ষ টাকা – শ্রাচী ট্রাইবস রাঢ় টাইগার্স
- অভিষেক পোড়েল – ১০.৪০ লক্ষ টাকা – লাক্স শ্যাম কলকাতা টাইগার্স
- মুকেশ কুমার – ৯ লক্ষ ৬০ হাজার টাকা – সোবিস্কো স্ম্যাশার্স মালদা
- সুদীপ কুমার ঘরামি – ৯.৪০ লক্ষ টাকা – নোভাস পুরুলিয়া রয়্যালস
- যুবরাজ দীপক কেসওয়ানি – ৮.৬০ লক্ষ টাকা – নোভাস পুরুলিয়া রয়্যালস
- সক্ষম চৌধুরী – ৮.৪০ লক্ষ টাকা – মুর্শিদাবাদ কিংস
- ঋত্বিক চট্টোপাধ্যায় – ৮.২০ লক্ষ টাকা – অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স
- সায়ন ঘোষ – ৮ লক্ষ টাকা – লাক্স শ্যাম কলকাতা টাইগার্স
- কর্ণ লাল – ৮ লক্ষ টাকা – সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স
- অভিমন্যু ঈশ্বরণ – ৮ লক্ষ টাকা – সোবিস্কো স্ম্যাশার্স মালদা
নিলামের পর সৌরভ বলেন, ‘নিলাম পর্ব খুব ভাল হয়েছে। এবারই প্রথম শুরু হল। সব দলই খুব উপভোগ করেছে কারণ ইচ্ছেমতো প্লেয়ার নিতে পেরেছে তারা। আশা করছি দারুণ টুর্নামেন্ট হবে।’
আরও পড়ুন: মাতৃদিবসে মেয়ের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক, জানালেন নাম ও!
