
Mobile Recharge Price Hike : ফের মোবাইল রিচার্জ বাবদ খরচ বাড়তে পারে আপনার। টেলিকম কোম্পানিগুলি শীঘ্রই করতে পারে বড় ঘোষণা। সেই ক্ষেত্রে কোন প্ল্যানের দাম কতটা বাড়তে পারে, সেই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। জেনে নিন, আপনার সাধ্যের রিচার্জ এবার কতটা দামি হতে পারে।

৫জি আনার পর থেকেই এই নিয়ে শুরু হয়েছিল আলোচনা। বলা হচ্ছিল, বেসরকারি টেলিকম কোম্পানিগুলি ৫জি প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করেছে। যদিও সেই অনুযায়ী ৫জি গ্রাহক বাড়েনি সংস্থাগুলির। যেকারণে এই টাকা গ্রাহকদের থেকে তোলার চেষ্টা করতে পারে তারা। যার ফল ভুগতে হতে পারে আমাদের।

সম্প্রতি এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। এরপরই নতুন করে জনগণের মনে আশঙ্কা বাড়ছে। কারণ ডিজিটাল ইন্ডিয়ায়, এখন মোবাইল রিচার্জ প্রতি মাসের প্রয়োজনীয়তার মধ্যে পড়ে। জেনে নিন, কত দিনের মধ্যে এই দাম বৃদ্ধি করতে পারে কোম্পানিগুলি।

এই দাম বৃদ্ধি সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে ‘সেন্ট্রাম ইনস্টিটিউশনাল রিসার্চ’। এর সাম্প্রতিক রিপোর্ট বলছে, শীঘ্রই আরও দাম বাড়বে মোবাইল রিচার্জের। আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যেই দাম বৃদ্ধি হতে পারে। সব মিলিয়ে ১২-১৫ শতাংশ ট্যারিফ বৃদ্ধি হতে পারে জিও, এয়ারটেল, ভি-র রিচার্জের।

ভারতের টেলিকম সংস্থাগুলি মোবাইল রিচার্জের দাম ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করলে বিপদে পড়বেন ক্রেতারা। সেই ক্ষেত্রে সবথেকে সমস্যা হবে প্রিপেইড কাস্টমারদের। একটা সম্ভাব্য হিসেব এই বিষয়ে ধুরে বেড়াচ্ছে। যেখানে বলা হচ্ছে, ২৮, ৩০ দিনের প্ল্যানে এই বৃদ্ধি বেশি হতে পারে।

১৯৯ টাকার জেনারেল প্ল্যান বেশিরবাগ ক্রেতা নিয়ে থাকেন। যা বেড়ে ২২৯ টাকা হতে পারে। ২৯৯ টাকার ডেটা প্ল্যান এক লাফে ৩৪৪ থেকে ৩৫৯ টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াবে ক্রেতাদের।

৯৯৯ টাকার দীর্ঘমেয়াদি প্ল্যানের ক্ষেত্রেও টাকা বাড়াতে পারে কোম্পানিগুলি। হাজার টাকার মধ্যে থাকা এই প্ল্যানের দাম একলাফে বেড়ে হতে পারে প্রায় ১,১৪৯ টাকা। যত খুশি কল, ১.৫-২ জিবি ডেটা ছাড়াও ওটিটি প্ল্যাটফর্মের সুবিধা রয়েছে এমন প্ল্যানের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়তে পারে।

এই বিষয়ে বাজার বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহক পিছু গড় আয় বাড়াতে চাইছে টেলিকম কোম্পানিগুলি। বিগত কয়েক ত্রৈমাসিকে এই আয় সেভাবে বাড়েনি টেলিকম কোম্পানিগুলির। এই থমকে থাকা আয় বাড়াতেই ট্যারিফ কস্ট বাড়াতে চাইছে কোম্পানিগুলি।

বর্তমানে রাষ্টায়ত্ত কোম্পানির তুলনায় বেসরকারি টেলিকম সংস্থাগুলির বাজারে রমরমা। এরমধ্যে অন্যতম নাম জিও ও এয়ারটেল। তাই দুই কোম্পানির আধিপত্যের কারণে রিচার্জের দাম বৃদ্ধি হলে সাধারণের কিছু করার থাকবে না। কারণে এই দুইয়ের সঙ্গে প্রতিযোগিতা দেওয়ার মতো বাজারে এখন কোনও কোম্পানি নেই।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, আগামী ৩-৪ মাসের মধ্যে জিও ও এয়ারটেলের রিচার্জের দাম বাড়লেও গ্রাহক সংখ্যা কমার আশঙ্কা কম। রিপোর্ট বলছে, প্রতি কোয়ার্টারে (ত্রৈমাসিক) জিও প্রায় ৭০ লক্ষ ও এয়ারটেল প্রায় ৫০ লক্ষ নতুন গ্রাহক নিজেদের ঝুলিতে টানতে সক্ষম হবে। এই পরিস্থিতি সৃষ্টি হলে নতুন করে ভোডাফোন আইডিয়া (Vi) এই সময়ে তাদের ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে জোর দেবে।
Published at : 13 Jul 2026 07:15 AM (IST)