- টাকা পাঠানোর সময়েই কেবল UPI পিন ব্যবহার করুন।
- অপরিচিতের কথায় স্ক্রিন শেয়ারিং অ্যাপ ডাউনলোড করবেন না।
- অজানা QR কোড স্ক্যান করবেন না, এটি ফাঁদ।
- UPI আইডি, পিন, OTP গোপন রাখুন, পরিবর্তন করুন।
- সন্দেহজনক পেমেন্ট রিকোয়েস্ট ও লিঙ্কে ক্লিক করবেন না।
Digital Fraud : ডিজিটাল যুগে অনেক কাজ সহজ হয়ে গেলেও বেড়েছে সমস্যা। বিশেষ করে ইউপিআই(UPI) লেনদেনে প্রতারণার সংখ্য়া কয়েক গুণ বেড়ে গেছে। অনেক ক্ষেত্রে সর্বস্বান্ত হতে হচ্ছে গ্রাহকদের। তবে এই পাঁচ বিষয় জানা থাকলে বিপদে পড়বেন না আপনি।
সাইবার প্রতারকদের হাত থেকে বাঁচতে ও নিজের টাকাকে সুরক্ষিত রাখতে আজই জেনে নিন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫টি টিপস, যা সাধারণত কেউ আপনাকে বলবে না।
১ ইউপিআই পিন (UPI PIN) শুধুমাত্র টাকা পাঠানোর জন্য
একটা বিষয় মাথায় রাখতেই হবে, নিজের অ্যাকাউন্ট থেকে কাউকে টাকা পাঠানোর সময়ই শুধুমাত্র ইউপিআই পিন এন্টার করতে হয়। কারও কাছ থেকে টাকা নেওয়ার বা রিসিভ করার জন্য কখনোই পিন দেওয়ার প্রয়োজন পড়ে না। যদি কোনও অপরিচিত ব্যক্তি আপনাকে টাকা পাঠানোর অজুহাতে ইউপিআই পিন দিতে বলে, তবে নিশ্চিত জানবেন সে আপনাকে ঠকানোর চেষ্টা করছে।
২ স্ক্রিন শেয়ারিং অ্যাপ ডাউনলোড করবেন না
এখন জালিয়াতরা কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পরিচয় দিয়ে আপনার সঙ্গে ফোনে কথা বলে। তারা বিশ্বাস করায় নির্দিষ্ট ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ফোন করেছে তারা। এরপর নানা অজুহাতে ‘AnyDesk’ বা ‘TeamViewer’-এর মতো স্ক্রিন শেয়ারিং অ্যাপ ডাউনলোড করতে বলে। এই অ্যাপগুলির মাধ্যমে তারা আপনার ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় এবং ওটিপি ও পিন চুরি করে সহজেই আপনার অ্যাকাউন্ট খালি করে দেয়। তাই অপরিচিত কারও কথায় এই ধরনের অ্যাপ ভুলেও ইন্সটল করবেন না।
৩ অজানা কিউআর কোড (QR Code) স্ক্যান করবেন না
আজকাল সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপে প্রায়শই লটারি জেতা বা আকর্ষণীয় অফারের টোপ দেওয়া হচ্ছে। সেখানে আপনাকে কিউআর কোড পাঠিয়ে তা স্ক্যান করলেই টাকা পাওয়া যাবে বলা হয়। এটি সম্পূর্ণ একটি ফাঁদ। এই ধরনের কোনও কোড স্ক্যান করলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। তাই যেকোনও অজানা কিউআর কোড স্ক্যান করবেন না।
৪ ইউপিআই আইডি ও পিন গোপন রাখুন
কেউ বললেই আপনার ইউপিআই আইডি, পিন ও ফোনে আসা ওটিপি (OTP) দেবেন না। এটি অত্যন্ত গোপনীয় একটি তথ্য। ভুল করেও এগুলি কারও সঙ্গে শেয়ার করবেন না। পাশপাশি, সুরক্ষার খাতিরে কিছুদিন অন্তর অন্তর নিজের ইউপিআই পিন পরিবর্তন করুন।
৫ ‘স্প্যাম ওয়ার্নিং’ ও সন্দেহজনক লিঙ্ক এড়িয়ে চলুন
কোনও সন্দেহজনক পেমেন্ট রিকোয়েস্ট এলে ইউপিআই অ্যাপগুলি সাধারণত একটি ‘Spam Warning’ বা সতর্কবার্তা দেখায়। এই ধরনের ওয়ার্নিং কখনোই অবহেলা করবেন না। এছাড়াও, এসএমএস-এর মাধ্যমে আসা যেকোনো অজানা বা আনভেরিফাইড লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন।
কোনও কারণে আপনার সঙ্গে জালিয়াতি হলে কী করবেন ?
যদি কোনো কারণে আপনি সাইবার জালিয়াতির শিকার হন, তবে একদম প্যানিক বা আতঙ্কিত হবেন না। দ্রুত নিচের পদক্ষেপগুলি নিন:
১ অবিলম্বে কেন্দ্রীয় সরকারের সাইবার হেল্পলাইন নম্বর 1930-এ কল করে অভিযোগ জানান।
২ অথবা www.cybercrime.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনার অভিযোগটি রেজিস্টার করুন।
৩ যত দ্রুত সম্ভব আপনার ব্যাঙ্কের সাথে যোগাযোগ করে ইউপিআই অ্যাকাউন্টটি ব্লক করান।
৪ নিকটবর্তী থানায় বা সাইবার সেলে একটি FIR দায়ের করতে ভুলবেন না।
আরও পড়ুন : প্রতি মাসে ১ লক্ষ টাকা বেতন? জেনে নিন কীভাবে সাজাবেন আপনার বিনিয়োগের সঠিক ব্লুপ্রিন্ট
