July 29, 2026
532ce9ea521e709e752727b26e356c9d17853192121051373_original.jpg
Spread the love


কলকাতা: চলতি মূল্যায়ন বর্ষে (Assessment Year) এখনও পর্যন্ত ৪ কোটিরও বেশি আয়কর দাতা রিটার্ন (Income Tax Return) জমা পড়েছে বলে জানিয়েছে আয়কর দফতর। একই সঙ্গে করদাতাদের উদ্দেশে দফতরের আবেদন, ৩১ জুলাইয়ের শেষ সময়সীমার জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আইটিআর-১ এবং আইটিআর-২ জমা দিন।

আরও পড়ুন: ‘ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন’, আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আয়কর দফতর জানিয়েছে, মূল্যায়ন বর্ষ ২০২৬-২৭-এর জন্য ৪ কোটির বেশি আইটিআর ইতিমধ্যেই জমা পড়েছে। গত পাঁচ দিনে গড়ে প্রতিদিন ২০ লক্ষেরও বেশি রিটার্ন দাখিল হয়েছে। ফলে শেষ মুহূর্তের চাপ এড়াতে করদাতাদের দ্রুত রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

৩১ জুলাই রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ হলেও করদাতারা অবশ্য ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। তবে এর জন্য অতিরিক্ত খরচের মুখে পড়তে হবে তাঁদের। আয়কর আইনের 234 F ধারায় মোট আয় ৫ লক্ষ টাকা পর্যন্ত হলে ১ হাজার টাকা এবং মোট এ ৫ লক্ষ টাকার বেশি হলে ৫ হাজার টাকা পর্যন্ত লেট ফি দিতে হতে পারে। পাশাপাশি একাধিক ক্ষেত্রেই 234 A ধারায় বকেয়া করের উপর প্রতি মাসের জন্য ১ শতাংশ হারে সুদও ধার্য হবে।

আরও পড়ুন: ITR দাখিলের সময় প্রায় শেষ, কিন্তু এই ভুলগুলো একদম করবেন না

এ ছাড়াও শুধু জরিমানাই নয়, দেরিতে রিটার্ন জমা দিলে রিফান্ড পেতে বেশি সময় লাগতে পারে। আয়কর দফতর আগেই জানিয়েছে সেই ক্ষেত্রে অতিরিক্ত কমপ্লায়েন্সের মুখোমুখিও হতে হতে পারে। এছাড়া শেয়ার বিক্রির ফলে হওয়া মূলধনী ক্ষতি বা ব্যবসায়িক ক্ষতির সুবিধা ভবিষ্যতে বহন করার সুযোগও হারাতে পারেন করদাতারা। এর ফলে পরবর্তী বছরগুলিতে করের বোঝা বেড়ে যেতে পারে।

এছাড়া যাঁরা পুরনো কর ব্যবস্থার সুবিধা নিতে চান, তাঁদের নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন জমা দিতে হবে। নির্ধারিত সময় পেরিয়ে গেলে পুরনো কর ব্যবস্থা বেছে নেওয়ার সুযোগ থাকবে না এবং সেক্ষেত্রে ডিফল্ট নতুন কর ব্যবস্থার আওতাতেই রিটার্ন জমা দিতে হবে। তাই জরিমানা, সুদ, রিফান্ডে বিলম্ব এবং অন্যান্য জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই আইটিআর জমা দেওয়ার পরামর্শ দিয়েছে আয়কর দফতর।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks