মুল্লানপুর: আর কয়েক ঘণ্টা পরেই শুরু হবে আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG Test) আইপিএল শেষে ভারতের প্রথম ম্য়াচ। সেই ম্যাচ ঘিরে অনেক কৌতূহল, অনেক প্রশ্নই রয়েছে। সেই সব প্রশ্নেরই জবাব দিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে ঋষভ পন্থের (Rishabh Pant) বিষয়ে গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হয়। খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন পন্থ। আইপিএলেও তাঁর পারফরম্যান্স ছিল হতাশাজনক। উপরন্তু, আফগানিস্তান টেস্টে দলে জায়গা পেলেও, তাঁকে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় দলে পন্থের খেলা নিয়ে না না প্রশ্ন উঠছে। তবে এই পরিস্থিতিতেও পন্থের পাশেই দাঁড়াচ্ছেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।
তিনি পন্থকে ব্যাক করছেন এবং এও জানাচ্ছেন যে ভারতীয় ম্যানেজমেন্ট চায় না পন্থ নিজের স্বাভাবিক খেলাটা বদলে দিক। তবে গম্ভীর এটাও জানিয়ে দিচ্ছেন যে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাঁর খেলা উচিত। গম্ভীরকে বলতে শোনা যায়, ‘আমরা চাই না ঋষভ পন্থ নিজের স্বাভাবিক খেলায় কোনওরকম বদল করুক। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ পরিস্থিতিকে সম্মান জানানোটাও প্রয়োজনীয়।’
গম্ভীর অনেকটা একদিন আগে রায়ান টেন দুশখাতের সুরেই সুর মেলান। ভারতের সহকারী কোচ বলেছিলেন, ‘ঋষভের দক্ষতা, ও যা করে, সেই সবটা আমরা ওর থেকে ছিনিয়ে নিতে চাই না। তবে মাঝেমধ্যে যদি ও পরিস্থিতি অনুযায়ী আরেকটু ভেবে খেলে, আমার মতে আপনারা দেখবেন ও এই বিষয়টায় নজর দিয়েছে।’ আর পন্থের সহঅধিনায়কত্ব যাওয়া নিয়ে টেন দুশখাতে জানিয়েছিলেন, ‘আমার মনে হয় না ওকে নেতৃত্ব দিতে হলে খাতায় কলমে ওর কোনও পদ দরকার। আমার মতে ঋষভ নিজেও এই বিষয়টি জানে।’
আরও পড়ুন:- আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডেতে খেলা নিয়ে সংশয়, চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন কোহলি?
অপরদিকে, আফগানদের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে তিন নম্বরে ব্যাটিং করতে কে নামবেন, সেই নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। গম্ভীর সেই প্রশ্নেরও জবাব দিয়ে দেন। তিনে সাই সুদর্শনকে নিজেকে প্রমাণ করার বেশ খানিকটা সময় দেওয়া হবে বলে জানিয়ে দেন গম্ভীর। ‘সাইকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়নি। ও ইংল্যান্ডে খেলেছিল। তবে এবার ওকে খানিকটা সময় দেওয়া হবে। আমরা তো ১১জনকেই খেলাতে পারি, আর সত্যি বলতে সাই খারাপ ফর্মেও নেই। আইপিএলে ও ৭০০-র মতো রান করেছে। আমরা যদি চার-পাঁচটে ম্যাচের ভিত্তিতেই সাইকে বিচার করি, তাহলে তো আমরা আর কোনওদিনই কিছু গড়তে পারাব না।’ বলেন ভারতীয় কোচ।
