April 22, 2026
7582723439de9857e5c5105d6a1af4cb1776787228157507_original.jpg
Spread the love


হায়দরাবাদ: চলতি বছরটা ব্যক্তিগতভাবে অভিষেক শর্মার (Abhishek Sharma) খুব একটা ভাল কাটেনি। বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স নিয়ে প্রবল প্রশ্ন উঠেছিল। আইপিএলের (IPL 2026) শুরুটাও বেশ সাধারণই করেছিলেন অভিষেক শর্মা। তবে মরশুম যতই গড়িয়েছে, ছন্দে ফিরতে দেখা গিয়েছে তাঁকে। এবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তো শতরানই হাঁকিয়ে ফেললেন তিনি।

সানরাইজার্সের ঘরের মাঠে অভিষেক শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তোলেন। তাঁর ব্যাটে ভর করেই নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজ়ি শুরুটা ভালভাবে করে। ট্র্যাভিস হেডের সঙ্গে মিলে ৯৭ রানের ওপেনিং পার্টনারশিপেই দলের হয়ে বড় রানের ভিত গড়ে দেন অভিষেক শর্মা। তাঁর ব্যাট যেন কথা বলছিল। অতীতে অফস্পিনার অভিষেককে সমস্যায় ফেলেছে। সেই ভেবেই সম্ভবত ইনিংসের দ্বিতীয় ওভারেই নীতীশ রান বলে এনেছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর পটেল। তবে শুরুতে অভিষেককে খানিকটা বেঁধে রাখতে সক্ষম হলেও, রানের দ্বিতীয় ওভারেই দুই ছক্কা হাঁকিয়ে অভিষেক বুঝিয়ে দেন আজ তিনি থামার মুডে নেই।

 

 

২৫ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কার সুবাদেই সানরাইজার্স ওপেনার নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন। ভাবলে অবাক লাগবে, দু’শোর স্ট্রাইক রেটে হাফসেঞ্চুরি হাঁকালেও এটি কিন্তু সানরাইজার্সের ঘরের মাঠ উপ্পলে অভিষেকের সবথেকে মন্থর হাফসেঞ্চুরি।

তবে হাফসেঞ্চুরি পূরণ করার পরেও থামেননি অভিষেক। দেখতে দেখতেই ৪৭ বলে শতরানের গণ্ডিও পার করে ফেলেন তিনি। এই সেঞ্চুরি শুধু যে অভিষেকের স্বমেজাজে ফেরার বার্তা বয়ে আনল, তাই নয়, গড়ল ইতিহাসও। আজকের এই শতরানের সুবাদেই অভিষেক শর্মা মহাতারকা রোহিত শর্মাকে পিছনে ফেলে, বিরাট কোহলির পাশে জায়গা করে নিলেন। এটি অভিষেকের নবম শতরান, যা ভারতীয় হিসাবে কোহলির সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক। তবে কোহলি ৪০৩ ইনিংসে নয়টি টি-টোয়েন্টি শতরান করেছেন, অভিষেক করলেন মাত্র ১৮৪টি ইনিংস খেলে। এই দুইয়ের পরেই আটটি টি-টোয়েন্টি শতরান করে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা।  

ম্যাচের কথা বলতে হলে অভিষেককে এইদিন কেউই আউট করতে পারেননি। তিনি ৬৮ বলে ১৩৫ রানে অপরাজিত থাকেন। সানরাইজার্স হায়দরাবাদ মাত্র দুই উইকেটে ২৪২ রান তুলে ইনিংস শেষ করে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks