নয়াদিল্লি: নিট পেপার লিক ঘিরে প্রতিবাদে (NEET Protest) উত্তাল রাজধানী। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বহুদিন ধরেই নয়াদিল্লিতে ছাত্ররা আন্দোলন করছে। সেই আন্দোলনের অঙ্গ হিসাবে ২০ জুলাই ‘সংসদ চল’ অভিযান করা হয়েছিল। সেখানেই আন্দোলন হিংসাত্মক রূপ নেয়। ছাত্র-পুলিশের সংঘর্ষে আহত হন বহু, ফাটে মাথা, ভাঙে হাত, পা, ঝরে রক্ত। এবার এই নিয়েই মুখ খুললেন যুবরাজ সিংহ (Yuvraj Singh)।
ভারতীয় ক্রিকেটার সকলকে শান্তি, নিরাপত্তা এবং ছাত্র ও দেশবাসীর জন্য সঠিক সুযোগকে সমর্থন করা এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার অনুরোধ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক স্টোরিতে যুবরাজ সিংহ লেখেন, ‘প্রতিটি শিশু, ছাত্র, মহিলা এবং পুরুষ, সকলেরই শান্তভাবে শেখা, সুরক্ষার সঙ্গে বেড়ে উঠা এবং স্বপ্নকে বাস্তবে পরিণত করার সুযোগ পাওয়া উচিত। তোমাদের ভাল থাকাটা উজ্জ্বল ভারতের ভিত্তি। আসুন সকলে মিলে আশা, সুযোগ এবং যত্নে পরিপূর্ণ একটি সমাজ গড়ে তুলি। আলাপ আলোচনার মাধ্যমে আমরা দেশের ভবিষ্যতের স্বার্থে একটি সমাধান খুঁজে বের করতে পারি।’

আরও পড়ুন:- ‘যারা নিজেদের জীবন হারিয়েছে, তারা দেশের ভবিষ্যৎ ছিল’, পেপার লিক আন্দোলন নিয়ে মুখ খুললেন মনু ভাকের
প্রসঙ্গত উল্লেখ্য, নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলন-বিক্ষোভের আবহে আজ সকাল সাড়ে ৭টা থেকে বন্ধ রাখা হয়েছে দিল্লির ১৬টি মেট্রো স্টেশন। ২৩ জুলাই বৃহস্পতিবার সকালের জন্য এই নির্দেশ কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ পাওয়া পর্যন্ত এই মেট্রো স্টেশনগুলি বন্ধ রাখতে হবে। নিরাপত্তাজনিত কারণে এই ১৬টি মেট্রো স্টেশন বন্ধ করা হয়েছে বলে খবর। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে এমনটাই জানানো হয়েছে। বন্ধ হওয়া মেট্রো স্টেশনগুলির তালিকায় রয়েছে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস, আইটিও এবং খান মার্কেট। এছাড়াও রয়েছে লোক কল্যাণ মার্গ, পটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বড়াখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম – এই মেট্রো স্টেশনগুলি।
তবে রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনে যাত্রীদের জন্য মেট্রো পরিবর্তন করে নেওয়ার সুযোগ চালু রয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে দিল্লির উল্লিখিত মেট্রো স্টেশনগুলি বন্ধ রয়েছে বলে এক্স মাধ্যমে পোস্ট করে জানানো হয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের তরফে।
