নয়াদিল্লি: চলতি আইপিএলে (IPL 2026) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অবস্থা শোচনীয়। এবারের মেগা টুর্নামেন্টে কেকেআরই একমাত্র দল যারা এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারিনি। লিগ তালিকায় সবার নীচে কেকেআর। স্বাভাবিকভাবেই চারিদিক থেকে সমালোচনায় বিদ্ধ হচ্ছে নাইট ম্য়ানেজমেন্ট। দলের অধিনায়কত্ব নিয়ে যেমন অজিঙ্ক রাহানেকে আক্রমণ করা হচ্ছে, তেমনই তির্যক মন্তব্যের শিকার হচ্ছেন কেকেআরের কোচ অভিষেক নায়ারও। এইসবের মাঝেই কেকেআরের পরবর্তী কোচের নাম জানিয়ে দিলেন ইংল্যান্ডের কিংবদন্তি।
গতকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ মিলিয়ে অজিঙ্ক রাহানের নেতৃত্বে নাগাড়ে সপ্তম ম্যাচ (সম্পূর্ণ হওয়া ম্যাচগুলি) হেরেছে কেকেআর। ২০০৯ সালের পর থেকে নাগাড়ে এতগুলি ম্যাচ কেকেআর কখনও হারেনি। নাইট সমর্থকরা দলের এহেন পারফরম্যান্সে চরম হতাশ। ইতিমধ্যেই দলের কোচ ও অধিনায়ক বদলের ডাক উঠছে বিভিন্ন মহল থেকে। নাইট কোচ অভিষেক নায়ারকে অপসারণের দাবি উঠছে। এইসবের মধ্যেই জল্পনার আগুনে ঘি ঢাললেন কেভিন পিটারসেন (Kevin Pietersen)।
প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটারের দাবি পরের মরশুমে পুনরায় কেকেআরের দায়িত্ব নিতে চলেছেন কেকেআরেরই এক প্রাক্তন কোচ। কে তিনি? পিটারসেন নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ব্যাজ় (ব্র্যান্ডন) ম্যাকালাম (Brendon McCullum) পরবর্তী মরশুমে কেকেআরের কোচ হবেন। এই টুইটটি বুকমার্ক করে রাখুন।’
Baz McCullum will be the coach of KKR next season.
Bookmark this tweet.— Kevin Pietersen🦏 (@KP24) April 17, 2026
পিটারসেনের এই দাবি একেবারেই ফেলে দেওয়ার মতো নই। অতীতে ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার আগে ম্যাকালাম ২০২০ সাল থেকে ২০২২ কেকেআরের কোচের পদে আসীন ছিলেন। নাইটদের হয়ে পাঁচ মরশুম খেলেওছেন তিনি। এই ম্য়াকালামের কোচিংয়েই ২০২১ সালে কেকেআর আইপিএলের ফাইনালে পৌঁছেছিল। সেই ফাইনাল হারলেও, ম্যাকালামের কোচিংয়ের প্রশংসাই হয়েছিল। তবে ইংল্যান্ড জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার পর কিউয়ি কেকেআর ছাড়েন।
কিন্তু বর্তমানে মূলত অ্যাসেজ়ে ইংল্যান্ডের পারফরম্যান্সের পর থেকেই ম্যাকালামের ইংল্যান্ড কোচ হিসাবে ভবিষ্যৎ নিয়ে প্রবল জল্পনা শুরু হয়েছে। এমনিও ২০২৭ সালের বিশ্বকাপের পর তাঁর সঙ্গে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বোর্ডের চুক্তি শেষ হচ্ছে। তাই ম্যাকালামের কিন্তু কেকেআরের কোচ হওয়ার সম্ভাবনা রয়েইছে। অবশ্য সেই একই কথা গৌতম গম্ভীর প্রসঙ্গেও বলা চলে। গম্ভীরের নেতৃত্বে কেকেআর দুইটি আইপিএল জেতে এবং তাঁর মেন্টর থাকাকালীনই কেকেআরের ঘরে তৃতীয় খেতাব আসে। তবে ম্যাকালামের মতো গম্ভীরও জাতীয় দলের দায়িত্ব পেয়ে কেকেআরের দায়িত্ব ছাড়েন। তাঁরও ভারতীয় কোচ হিসাবে ২০২৭ বিশ্বকাপের পরেই চুক্তি শেষ হচ্ছে। তারপরে গম্ভীরকেও কিন্তু অনেকে কেকেআরের কোচের পদে দেখতে চাইছেন।
