June 12, 2026
9a864c61823907677cc0968ea2adb8a017808977942241071_original.jpg
Spread the love


PIB Fact Check : আনন্দের হোয়াটসঅ্যাপ (WhatsApp) হয়ে দাঁড়িয়েছে আতঙ্কের কারণ। নতুন এই মেসেজ ঘিরে তৈরি হয়েছে নতুন চিন্তা। স্বাভাবিকভাবেই রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নামে এই মেসেজ এখন অনেকেরই ঘুম ছুটিয়েছে। যেখানে অ্যাকাউন্ট ব্লক করার কথা বলছে কেন্দ্রীয় ব্যাঙ্ক (Reserve Bank Of India)। আপনার কাছেও এসেছে এই বার্তা ? কী করবেন এখন। 

কী বলা হচ্ছে এই মেসেজে
সম্প্রতি দেশে ছড়িয়ে গেছে হোয়াটসঅ্য়াপের একটি মেসেজ। যেখানে বলা হচ্ছে, সন্দেহজনক লেনদেনের সঙ্গে যুক্ত থাকায় আপানার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।  দ্রুত পদক্ষেপ না নিলে আর ব্লক অ্যাকাউন্ট খুলতে পারবেন না আপনি। সম্প্রতি বহু সাধারণ মানুষের হোয়াটসঅ্যাপে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) নাম করে এই ধরনের মেসেজ আসছে। সঙ্গে এতে দেওয়া থাকছে একটি নির্দিষ্ট ফাইল।

সত্যিই ব্লক করে দেওয়া হবে আপনার অ্যাকাউন্ট
প্রথমেই রিজার্ভ ব্যাঙ্কের নামে এই ধরনের মেসেজ দেখে আতঙ্কিত হয়ে পড়ছেন লোকজন। সত্যিই কি কেন্দ্রীয় ব্যাঙ্ক এই ধরনের মেসেজ পাঠাচ্ছে ? আপনার ফোনেও কি এমন মেসেজ এসেছে ? এবার এই বিষয়ে দেশবাসীকে সতর্ক করল কেন্দ্রীয় সরকার। ইতমধ্যেই বিষয়টি নিয়ে বিবৃতি প্রকাশ করেছে কেন্দ্র।

এই বিষয়ে PIB করেছে ফ্যাক্ট চেক
বিষয়টি নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর আসরে নেমেছে সরকারের তথ্য যাচাইকারী সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো অফ ইন্ডিয়া। PIB Fact Check। তাদের অফিসিয়াল এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে এই ভাইরাল মেসেজের একটি স্ক্রিনশট শেয়ার করে এটিকে সম্পূর্ণ ভুয়ো ও জাল বলে ঘোষণা করা হয়েছে।

কী বলছে কেন্দ্রীয় সংস্থা
PIB-র তরফ থেকে জানানো হয়েছে, এটি আসলে সাইবার অপরাধীদের একটি নতুন চক্রান্ত। ওই মেসেজের সঙ্গে যে ওয়ান-ক্লিক APK ফাইল বা লিঙ্ক পাঠানো হচ্ছে, তা ডাউনলোড করলেই আপনার অজান্তে ফোনে ম্যালওয়্যার (এক ধরণের ক্ষতিকারক ভাইরাস) ঢুকে যাবে। এর মাধ্যমে স্ক্যামাররা আপনার ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেবে এবং আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য ও ব্যাঙ্কিং ডিটেলস চুরি করে নিমেষের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে।

PIB-এর সতর্কবার্তায় কী বলা হয়েছে
এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়েছে PIB। যেখানে বলা হয়েছে, “প্রতারকরা আপনার ব্যাঙ্কিং ও ব্যক্তিগত তথ্য চুরি করতে এই ধরনের মেসেজ ব্যবহার করছে। কখনওই কোনও অজানা APK ফাইল ডাউনলোড করবেন না বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না।”

কীভাবে চিনবেন আসল RBI-এর মেসেজ ?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এই ধরনের কোনও মেসেজ সাধারণ গ্রাহকদের পাঠায় না। সাধারণ মানুষকে সচেতন করতে পিআইবি (PIB) জানিয়েছে যে, হোয়াটসঅ্যাপে RBI-এর মাত্র দুটি অফিসিয়াল অ্যাকাউন্ট রয়েছে, যেগুলিতে ‘ব্লু টিক’ (Blue Tick) বা ভেরিফাইড ব্যাজ আছে। শুধুমাত্র সেই নম্বর দুটি থেকেই RBI প্রয়োজনীয় তথ্য শেয়ার করে। এছাড়া কোনও পরিস্থিতিতেই RBI কোনও গ্রাহকের কাছে অ্যাপ ডাউনলোড করার জন্য APK ফাইল পাঠায় না বা ব্যক্তিগত আর্থিক তথ্য জানতে চায় না।

সুরক্ষিত থাকতে কী করবেন ?
অজানা ফাইল এড়িয়ে চলুন: হোয়াটসঅ্যাপ বা অন্য কোনও মেসেজিং অ্যাপে আসা অপরিচিত কোনও লিঙ্কে ক্লিক করবেন না এবং .apk ফরম্যাটের কোনও ফাইল ডাউনলোড করবেন না।

আতঙ্কিত হবেন না: অ্যাকাউন্ট ব্লক হওয়ার ভয় দেখিয়েই মূলত এই জালিয়াতি করা হয়। এই ধরনের মেসেজ এলে সবার আগে শান্ত থাকুন এবং আপনার ব্যাঙ্কের ব্রাঞ্চে বা অফিশিয়াল কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।

তথ্য শেয়ার বন্ধ করুন: আপনার ব্যাঙ্কের ওটিপি (OTP), পিন (PIN) বা পাসওয়ার্ড কারও সাথে শেয়ার করবেন না।

 

আরও পড়ুন : রান্নার গ্যাসের ডেলিভারিতে নতুন জালিয়াতি, গ্রাহকদের সতর্কবার্তা Indane, HP, Bharat Gas-এর, কীভাবে গ্যাস বুক করবেন ?

 

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks