সন্দীপ সরকার, কলকাতা: স্টেডিয়ামের সাউন্ড সিস্টেমে কখনও বাজছে, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি…’। কখনও বাজিয়ে দেওয়া হচ্ছে, ‘ঝুমে জো পাঠান মেরি জান…’। আইপিএলের অন্যান্য সন্ধ্যায় এরকম গানে নেচে ওঠে গ্যালারি। আট থেকে আশি আনন্দ করে। আইপিএল মানে তো শুধু বাইশ গজের লড়াই নয়, ক্রিকেট ও বিনোদনের ককটেল। ক্রিকেট উৎসবে গা ভাসায় মানুষ।
কিন্তু রবিবার সন্ধ্যায় যেন অন্য ইডেন গার্ডেন্স (Eden Gardens)। যেখানে ক্রিকেট আছে, আনন্দ আছে, কিন্তু উচ্ছ্বাস নেই। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে প্লে অফে জায়গা পাকা করে ফেলতেই কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিদায়ঘণ্টা বেজে গেল। কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ হয়ে গেল কার্যত নিয়মরক্ষার। বদলে গেল ইডেনের গ্যালারির আবহও। যে অলৌকিকের প্রার্থনায় মাঠ ভরিয়েছিলেন প্রায় ৩৩ হাজার দর্শক, সেই সম্ভাবনার তখন সলিল সমাধি।
এই ম্যাচই এবারের আইপিএলে ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচ। কেকেআরের সপ্তম হোম ম্যাচ। রবিবারের সন্ধ্যাকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করেছে সিএবি। ম্য়াচের বিরতিতে ২ মিনিট ৪১ সেকেন্ডের অভিনব এক লেজার শো দেখানো হবে। যেখানে তুলে ধরা হবে বাংলা ক্রিকেট ও ইডেন গার্ডেন্সের নানা স্মরণীয় মুহূর্ত।
মাঠের ওপর প্রোজেক্টরের সাহায্যে দেখানো হবে ইডেনের বিভিন্ন স্মরণীয় ক্রিকেটীয় মুহূর্ত। শুক্রবার সন্ধ্যায় যা নিয়ে সিএবি-র কোষাধ্যক্ষ সঞ্জয় দাস এবিপি লাইভ বাংলাকে বলেছিলেন, ‘এরকম গ্রাউন্ড ম্যাপিং করে প্রোজেক্টরের সাহায্যে গোটা মাঠের ইতিহাস, কপিল দেবের বিশ্বকাপ জয়, অ্যালান বর্ডারের অস্ট্রেলিয়ার বিশ্বজয়, বাংলা ক্রিকেট, সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রয়াত জগমোহন ডালমিয়া, কেকেআর – সব মিশিয়ে তৈরি ডকুমেন্টারি এভাবে কখনও দেখানো হয়নি।’
যদিও ইডেনে তার অনেক আগেই নেমে এল বিষণ্ণতা। এই ম্যাচ কেকেআরের কাছে মরণ-বাঁচন লড়াি তো ছিলই, পাশাপাশি প্লে অফের দৌড়ে থাকতে হলে মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারতে হতো রাজস্থান রয়্যালসকে। ইডেনে তখন দিল্লি ক্যাপিটালসের ইনিংসের চতুর্থ ওভারের খেলা চলছে। জানা গেল, মুম্বইয়ে হার্দিক পাণ্ড্যদের হারিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। সেই সঙ্গে প্লে অফে চতুর্থ দল হিসাবে টিকিট নিশ্চিত করে ফেলেছে। ছিটকে গিয়েছে কেকেআর।
তারপরই মন খারাপ গ্রাস করল ইডেনকে। কেকেআর শিবিরেও থমথমে ভাব।
আরও পড়ুন: ইডেনে রবিবার থাকছে চমক, অভিনব শোয়ে কপিল-বর্ডার-ডালমিয়া-সৌরভ-লক্ষ্মণ! সঙ্গে কেকেআরও
