আমদাবাদ: গত সাত বছরে এই প্রথম এরকম অভিজ্ঞতা হল কলকাতা নাইট রাইডার্সের (KKR)। ২০২৫ সাল থেকে ধরলে টানা ৭ ম্যাচ হারল কেকেআর। এর আগে ২০১৯ সালে লাগাতার ৬ ম্যাচ হেরেছিল কেকেআর। ২০০৯ সালে টানা ৯ ম্যাচ হেরেছিলেন নাইটরা । সেটাই সবচেয়ে লজ্জার রেকর্ড । এবারের আইপিএলে যেভাবে খেলছে কেকেআর, কে বলতে পারে ১৭ বছর আগের সেই লজ্জা ফিরবে না ?
শুক্রবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের কাছে ৫ উইকেটে হেরে গেল কেকেআর। প্রথমে ব্যাট করে কেকেআর অল আউট হয় ১৮০ রানে। শেষ পাঁচ ওভারে মাত্র ৩২ রান তোলেন নাইটরা! ২ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ করে গুজরাত টাইটান্স।
ম্যাচের পর কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানেকে পাওয়া গেল বেশ তিরিক্ষি মেজাজে। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে সাফ বলে দিলেন, ‘একটা ম্যাচ হারার পর সঙ্গে সঙ্গে এসে কথা বলা সহজ নয়।’ কিছুটা যেন স্বান্ত্বনা খুঁজলেন। রাহানে বললেন, ‘আমি ইতিবাচক দিকগুলো নিয়ে ভাবতে চাই। যেভাবে শুরু করেছিলাম, দ্রুত তিন উইকেট পড়ে যাওয়ার পরে কঠিন ছিল সময়। ক্যামেরন গ্রিনের ইনিংস অসাধারণ। ও চাপে ছিল। যেভাবে প্রতিআক্রমণ করল, দেখার মতো। তবে ১৪৭/৪ থেকে ১৮০ রানে আটকে যাওয়াটা ঠিক নয়। আমাদের বোলারদের কৃতিত্ব দেব। যেভাবে লড়াই করে ম্যাচটা শেষ ওভার পর্যন্ত টানল।’
Skipper Shubman Gill spreads his rizz in Ahmedabad and is adjudged the Player of the Match🏅
WATCH HIS KNOCK ▶️ https://t.co/m7lkZghYwU#TATAIPL | #KhelBindaas | #GTvKKR | @ShubmanGill pic.twitter.com/LprHC3iaeh
— IndianPremierLeague (@IPL) April 17, 2026
একটা সময় তিনি ছিলেন কেকেআরের সবচেয়ে প্রতিশ্রুতিমান তারকা। কিন্তু অদ্ভূতভাবে তাঁকে ছেড়ে দিয়েছিল কেকেআর। সেই শুভমন গিল এখন গুজরাত টাইটান্সের অধিনায়ক। ওপেন করতে নেমে ৫০ বলে ৮৬ রান করে ম্যাচের মোড় ঘোরালেন। তিনিই ম্যাচের সেরা। কেকেআরকে দেখেই যেন জ্বলে ওঠেন গিল। রাহানে বললেন, ‘ও খুব ভাল বল করেছে। আমরা একটু শর্ট বল করেছি। একটু শিশিরও পড়ছিল। তবে অজুহাত দেব না। ১৮০ ভাল স্কোর ছিল। আমাদের পাওয়ার প্লে-তে উইকেট দরকার ছিল। তবে ওরা দারুণ ব্যাট করেছে।’
