April 30, 2026
639bcdf68e7d2833dd7dfee8ade06a871777568280732507_original.jpg
Spread the love


মুম্বই: সময়টা রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জন্য খুব একটা ভাল যাচ্ছে না। ১৩ বছর পর আইপিএলে (IPL 2026) প্রথমবার জয় দিয়ে মরশুম শুরু করলেও, পল্টনরা তারপর থেকে সাতটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রায়ান রিকেলটনের ঐতিহাসিক ১২৩ রানের ইনিংসে ২৪৩ রান তুলেও হারতে হয়েছে পল্টনদের। এই পরাজয়ের ফলে কি মুম্বই ইন্ডিয়ান্সের প্লে-অফে পৌঁছনোর  সব আশা শেষ হয়ে গেল?

আপতত লিগ তালিকায় আট ম্যাচ খেলে দুই জয়ের সুবাদে মাত্র চার পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজ়ি। দলের এহেন হতাশাজনক পারফরম্যান্সে অধিনায়ক হার্দিক পাণ্ড্যর ওপর চাপ বাড়ছে। বিভিন্ন মহলে ইতিমধ্যেই জল্পনাও শোনা যাচ্ছে যে হার্দিক নাকি অধিনায়কত্ব হারাতে পারেন। তবে আইপিএলের সফলতম ফ্র্যাঞ্চাইজ়ির সমর্থকদের মাথায় এখন সবথেকে বড় যে প্রশ্ন ঘোরাফেরা করছে, তা হল তাঁদের দল কি প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে? উত্তর সহজ, না। এখনও মুম্বই ইন্ডিয়ান্সের প্লে-অফে পৌঁছনোর আশা শেষ হয়ে যায়নি। তবে রাস্তা খুব কঠিন।

আরও পড়ুন:- তাঁর ব্যাটে সত্যিই কি ‘AI’ চিপ রয়েছে? পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাব দিল বৈভব 

প্রথম চারে থাকতে হলে পল্টনদের তাহলে কী করতে হবে? মুম্বই ইন্ডিয়ান্সের এখনও গ্রুপ পর্বের ছয়টি ম্যাচ বাকি রয়েছে। তারা যদি এই ছয়টি ম্যাচই জিতে নেয়, তাহলে লিগ পর্ব শেষে পল্টনদের দখলে আট জয়সহ মোট ১৬ পয়েন্ট থাকবে। ঐতিহাসিকভাবে এই পয়েন্ট সংখ্যা আইপিএলের প্লে-অফে নিজেদের জায়গা তৈরির জন্য যথেষ্ট। গত মরশুমেই তো মুম্বই ইন্ডিয়ান্স ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে পৌঁছেছিল। তাই রাস্তা কঠিন হলেও, এখনও হার্দিক পাণ্ড্যরা প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায়নি।

অতীতে মুম্বই ইন্ডিয়ান্স বারংবার প্রমাণ করেছে, তারা শুরুটা মন্থরভাবে করে, কিন্তু পরবর্তীতে মরশুমের দ্বিতীয়ভাগে দুরন্ত ফর্ম দেখিয়ে একাধিকবার তারা খেতাব জিতেছে। তবে এবার কি দ্বিতীয়ভাগে কামব্যাকের জন্য নিজেদের পথটা একটু বেশিই কঠিন করে ফেলেছে পল্টনরা? এর জবাব সময়ই দেবে। কিন্তু যে দলে বুমরা, সূর্যকুমার, বোল্ট, রোহিত শর্মা, হার্দিকের মতো বিশ্বমানের আন্তর্জাতিক তারকা ভর্তি, সেই দলকে আউট হওয়ার আগেভাগেই দৌড় থেকে বাইরে করে দেওয়ার ভুল হয়তো কেউই করবেন না। পল্টন সমর্থকরাও শেষভাগে ফের একবার এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনেরই আশায় রয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks