May 13, 2026
c8ff1a20c7cdecd26b92768a643a9d2b177867531281250_original.jpg
Spread the love


কলকাতা: আইপিএল (IPL) সাবালক হয়েছে। গত মরশুমেই ১৮ বছর পূর্ণ করেছে বিশ্বের অন্যতম সেরা এই টুর্নামেন্ট। এবার টুর্নামেন্টের ১৯তম সংস্করণ চলছে। আর এই দীর্ঘ যাত্রায় রেকর্ডের পর রেকর্ড তৈরি হয়েছে এই টুর্নামেন্টে। কোনওটা গর্বের, কোনওটা লজ্জার, হতাশার। সেরকমই একটি রেকর্ড নিয়ে কৌতূহলী অনেকে। চায়ের ঠেকে, নির্ভেজাল ক্রিকেট আড্ডায় অনেকেই জানতে চান, আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হজম করেছে কোন দল?

অস্বস্তির এই রেকর্ড রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঝুলিতে। এখনও পর্যন্ত আইপিএলে ১৮৭১টি ছক্কা হজম করেছেন আরসিবির বোলাররা। আইপিএলে বরাবর ব্যাটিং শক্তিকে বেশি গুরুত্ব দিয়েছে আরসিবি। একটা সময় ক্রিস গেল, এ বি ডিভিলিয়ার্স ও বিরাট কোহলি – তিন ব্যাটিং মহাত্রয়ী বিশ্বের তাবড় বোলারদের ধ্বংস করেছেন। তবে বোলিং বরাবরই আরসিবি-র কাঁটা ছিল। যার প্রতিফলন এই রেকর্ডেও। আরসিবির বোলাররা ১৮৭১ ছক্কা হজম করেছেন। যদিও আগের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী হয়েছে আরসিবি-র বোলিং। জশ হ্যাজলউড, ভুবনেশ্বর কুমাররা থাকায় বেড়েছে বোলিংয়ের ধার। ক্রুণাল পাণ্ড্য, সূয়স শর্মারা যুক্ত হওয়ায় বেড়েছে বৈচিত্র। তবু লজ্জা পিছু ছাড়ছে না। 

আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হজম করা দলের তালিকায় আরসিবি-র পিছনে দুই নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ১৭৬৯টি ছক্কা হজম করেছেন দিল্লি ক্যাপিটালসের বোলাররা। যে দলের আগের নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। তবে কখনও ট্রফি আসেনি। ভাগ্য ফেরাতে দলের নাম পাল্টে ফেলেছে দিল্লি। তবু কপাল খোলেনি।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা হজম করা দলের তালিকায় তিন নম্বরে রয়েছে এমন এক দল, যারা রেকর্ড সংখ্যক পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। মুম্বি ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত ১৭৪১ ছক্কা হজম করেছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে সম্প্রতি সময়টা ভাল যাচ্ছে না মুম্বইয়ের। এবারও প্লে অফের দৌড় থেকে অনেক আগেই ছিটকে গিয়েছেন হার্দিক পাণ্ড্যরা।

সবচেয়ে বেশি ছক্কা হজম করা দলগুলির মধ্যে চার নম্বরে রয়েছে পঞ্জাব কিংস। যে দলের আগে নাম ছিল কিংস ইলেভেন পঞ্জাব। দিল্লির মতোই কখনও আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারেনি পঞ্জাব কিংস। আইপিএলে ১৭০৫টি ছক্কা হজম করেছেন পঞ্জাব কিংসের বোলাররা।

তালিকায় পাঁচ নম্বরে রয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। ১৬৪৪টি ছক্কা হজম করেছেন নাইট বোলাররা। তিনবারের চ্যাম্পিয়নদের বরাবরের শক্তি বোলিং। শোয়েব আখতার, উমর গুল থেকে শুরু করে সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, মিচেল স্টার্করা খেলেছেন, খেলছেন এই দলের জার্সি পরে। তাও বহু ছক্কাই হজম করতে হয়েছে কেকেআর বোলারদের।

এই তালিকায় পরের দলগুলি হল চেন্নাই সুপার কিংস (১৬০৩টি ছক্কা), রাজস্থান রয়্যালস (১৪৬৫টি ছক্কা), সানরাইজার্স হায়দরাবাদ (১৩৬৭টি ছক্কা), গুজরাত টাইটান্স (৬০৫টি ছক্কা), লখনউ সুপার জায়ান্টস (৫৫৮টি ছক্কা), ডেকান চার্জার্স (৪০৫টি ছক্কা), পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়া (২১৬টি ছক্কা), গুজরাত লায়ন্স (১৮৯টি ছক্কা) ও রাইজিং পুণে সুপারজায়ান্ট (১৭২টি ছক্কা)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks