কলকাতা: আইপিএল (IPL 2026) মানেই চার-ছক্কার খেলা। টি-২০ ফর্ম্যাটের প্রাথমিক শর্ত মেনে। দর্শকরাও গ্যালারি ভরান রানের ফোয়ারা দেখবেন বলে। দেখতে দেখতে ১৯ বছর সম্পূর্ণ করতে চলল আইপিএল। সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিংদের মতো কিংবদন্তি থেকে শুরু করে যুবরাজ সিংহ, বীরেন্দ্র সহবাগের মতো নক্ষত্ররা খেলেছেন আইপিএলে। এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি রান কার ঝুলিতে? এই প্রশ্ন নিয়ে মাঝে মধ্যেই ক্রিকেটীয় আড্ডায় ঝড় ওঠে। উত্তরটা জানা আছে কি?
আইপিএলের ইতিহাসে সর্বকালের সবচেয়ে বেশি রান রয়েছে এক রাজার হাতে। বিরাট ‘কিংগ’ কোহলি। কেন তাঁকে আধুনিক ক্রিকেটের শ্রেষ্ঠ ব্যাটসম্যান বলা হয়, আইপিএলেও তার প্রমাণ রেখেছেন কোহলি।
পরিসংখ্যান বলছে, আইপিএলে ২৭৯ ম্যাচে ৯১৪৫ রান রয়েছে কোহলির ঝুলিতে। ৯টি সেঞ্চুরি, ৬৬টি হাফসেঞ্চুরি। চল্লিশের ওপর ব্যাটিং গড়, স্ট্রাইক রেট ১৩৪.২৬। যে কোনও ব্যাটারের কাছে স্বপ্নের পরিসংখ্যান। কোহলিই আইপিএলে সর্বোচ্চ রানের মালিক। প্রথম আইপিএল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি।
তালিকায় দুই নম্বরে মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান রোহিত শর্মা। মজার ব্যাপার হল, আইপিএলে কোহলির সমসংখ্যক ম্যাচ খেলেছেন রোহিত। ২৭৯ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ৭৩১৪ রান। স্ট্রাইক রেটও প্রায় কোহলির সমান। ১৩৩.০৫। আইপিএলে ২টি সেঞ্চুরি ও ৪৯টি হাফসেঞ্চুরি রয়েছে মুম্বইয়ের তারকার। আইপিএল খেলা শুরু করেছিলেন ডেকান চার্জার্সের হয়ে। তারপর থেকে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়ার। অধিনায়ক হিসাবে পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন মুম্বইকে।
আইপিএলে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় তিন নম্বরে শিখর ধবন। ২২২ ম্যাচে ৬৭৬৯ রান রয়েছে গব্বরের। ২টি সেঞ্চুরি ও ৫১টি হাফসেঞ্চুরি করেছেন দিল্লির বাঁহাতি তারকা।
আইপিএলে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় চার নম্বরে ডেভিড ওয়ার্নার। তিনিই এই তালিকায় প্রথম পাঁচে থাকা ব্যাটারদের মধ্যে একমাত্র বিদেশি ক্রিকেটার। আইপিএলে ১৮৪ ম্যাচে ৬৫৬৫ রান রয়েছে অস্ট্রেলিয়ার বাঁহাতি তারকার। ৪টি সেঞ্চুরি ও ৬২টি হাফসেঞ্চুরি করেছেন অজি তারকা।
তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন কে এল রাহুল। ১৫৭ ম্যাচে ৫৬৯৯ রান রয়েছে তাঁর। ৬টি সেঞ্চুরি ও ৪৩টি হাফসেঞ্চুরি করেছেন কর্নাটকের তারকা।
এই তালিকায় প্রথম দশে থাকা বাকি পাঁচজন হলেন – সুরেশ রায়না (৫৫২৮), মহেন্দ্র সিংহ ধোনি (৫৪৩৯), অজিঙ্ক রাহানে (৫২৬৯), এ বি ডিভিলিয়ার্স (৫১৬২) ও সঞ্জু স্যামসন (৫১৩৪)।
