এজবাস্টন: টি-টোয়েন্টি সিরিজে (T20 Series) লজ্জার হারের পর এবার ওয়ান ডে সিরিজের লড়াই। আজ এজবাস্টনে ভারত-ইংল্য়ান্ড প্রথম ওয়ান ডে (India vs England ODI Series) ম্য়াচ। আর নিশ্চিতভাবেই এই সিরিজে অবশ্যই নজর থাকবে বিরাট কোহলি ও রোহিত শর্মার দিকে। আইপিএলের পর আর মাঠে নামেননি বিরাট। চোট ছিল তাঁর। যা সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন কিং কোহলি। অন্য়দিকে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পর ফের মাঠে ফিরছেন হিটম্য়ান। আফগানদের বিরুদ্ধে সিরিজে একটি অর্ধশতরান হাঁকিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
এজবাস্টনে যে মাঠে আজ প্রথম ওয়ান ডে ম্য়াচ। সেই মাঠে বিরাট ও রোহিতের মধ্য়ে কার রেকর্ড সবচেয়ে উজ্জ্বল? তা একবার দেখে নেওয়া যাক —
রোহিত শর্মা: ইংল্য়ান্ডের মাটিতে এজবাস্টন রোহিত শর্মার জন্য খুবই পয়া মাঠ। ওয়ান ডে ফর্ম্য়াটে এই মাঠে প্রচুর রান করেছেন তিনি। মোট ৬টি ম্য়াচ খেলেছেন পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে রোহিত এখানে। আর ঝুলিতে পুরেছেন মোট ৪৪৭ রান। ৮৯.৪০ গড়ে ব্যাটিং করেছেন রোহিত। এই মাঠে ওয়ান ডে ফর্ম্য়াটে তিনটি সেঞ্চুরি ও একটি অর্ধশতরানও রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী প্রাক্তন ভারত অধিনায়কের ঝুলিতে।
২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার এই মাঠে খেলতে নেমেছিলেন রোহিত। পাকিস্তানের বিরুদ্ধে ১৮ ও ইংল্যান্ডের বিরুদ্ধে ৯ রান করেছিলেন সেবার দুই ম্য়াচে। এরপর পাকিস্তানের বিরুদ্ধে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ম্য়াচে ৯১ রানের ইনিংস খেলেছিলেন। এছাড়াও বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত ১২৩ রানের ইনিংস খেলেছিলেন। ২০১৯ বিশ্বকাপে রেকর্ড রান করেছিলেন রোহিত। সেবার এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০২ ও বাংলাদেশের বিরুদ্ধে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন।
বিরাট কোহলি: ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি। রোহিতের মতই টি-টোয়েন্টি ও টেস্ট ফর্ম্য়াট থেকে আগেই সরে দাঁড়িয়েছেন। শুধুমাত্র ওয়ান ডে ফর্ম্য়াটে খেলেন এখন। আগামী বছর বিশ্বকাপে খেলাই একমাত্র লক্ষ্য ৩৭ পেরনো বিরাটের। ইংল্য়ান্ডের এজবাস্টনে ৭ ম্য়াচে মোট ৩৩৫ রান করেছেন। গড় তো আরও ঈর্ষণীয়। ১১১.৬৬ গড়ে ব্যাটিং করেছেন কোহলি। এই মাঠে সেঞ্চুরির নিরিখে অবশ্য় রোহিতের থেকে অনেকটাই পিছিয়ে বিরাট। মাত্র ১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি এই মাঠে। কোনও অর্ধশতরানের ইনিংস নেই। তবে ইংল্যান্ডের মাটিতে শেষবার ওয়ান ডে সিরিজ খেলতে এসে নিজের সফর স্মরণীয় করে রাখতে মরিয়া থাকবেন কিং কোহলি।
