আমদাবাদ: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) সুপার এইটে আজ ভারতের সামনে দক্ষিণ আফ্রিকা (South Africa)। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুটো দলই অপরাজিত। আজ ভারত তাদের ঘরের মাঠে হট ফেভারিট হিসেবেই মাঠে নামবে। তবে দক্ষিণ আফ্রিকাও মুখিয়ে থাকবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে হারের প্রতিশোধ নিতে মরিয়া দক্ষিণ আফ্রিকা শিবির।
আমদাবাদে প্রোটিয়া শিবিরের বিরুদ্ধে ভারতের একাদশে হতে পারে কিছু বদল। গ্রুপ পর্বে ভারত সবগুলো ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছিল। কিন্তু দলের অন্য়তম গুরুত্বপূর্ণ ব্যাটার অভিষেক শর্মাকে নিয়েও চিন্তা বাড়ছে। গ্রুপ লিগে একটি ম্য়াচেও খাতাই খুলতে পারেননি। তাই সুপার এইটে নামার আগে কিছুটা চাপেই থাকবেন বাঁহাতি ওপেনার।
প্রোটিয়া উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি কক অভিষেকের পাশে দাঁড়িয়ে বলেছেন, ”অভিষেকের ফর্ম নিয়ে যাঁরা চিন্তিত, আমি তাঁদের নিয়ে চিন্তিত। হ্যাঁ, এখনও পর্যন্ত ও রান পায়নি। তবে ও যখন রান করে, তখন কী হয়, আমরা সবাই দেখেছি। এটা তো দলগত খেলা, এমন সময় সকলেরই আসে, যায়। বর্তমানে দলের প্রয়োজন ও যেন নিজের স্বভাবচিত ভঙ্গিমায় নিজের খেলাটা খেলে। সত্যি বলতে ও সেই চেষ্টাই করছেও। যদি ও সাফল্য পায়, তাহলে তো দারুণ বিষয়, আর না পেলে ওকে কভার দেওয়ার জন্য আমরা তো আছি।” এবার যদি অভিষেককে বসানো হয়, তাহলে নিঃসন্দেহে দলে ঢুকে পড়বেন সঞ্জু স্যামসন। এর আগে স্যামসন চলতি টুর্নামেন্টে আর একটি মাত্র ম্য়াচই খেলতে পেরেছেন।
তিন নম্বর স্থানে নামেন তিলক বর্মা। চার নম্বর পজিশনে নামবেন সূর্যকুমার যাদব। এছাড়া বাকি স্পটগুলোতে সেভাবে বদল হওয়ার সম্ভাবনা কম। শিবম দুবে, রিঙ্কু সিংহ, হার্দিক পাণ্ড্য প্রত্যেকেই থাকছেন। বোলিং বিভাগে বুমরা ও অর্শদীপ থাকবেন। স্পিন বিভাগে অক্ষর ও কুলদীপ খেলবেন হয়ত।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের নক আউটের লড়াইয়ে এগিয়েই ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই লড়াইয়ে অনেকটাই এগিয়ে ভারত। ৫-২ ব্যবধানে প্রোটিয়া শিবিরকে টেক্কা দিয়েছে মেন ইন ব্লুজরা। শেষবার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুটো দলই অপরাজিত রয়েছে। আজকের ম্য়াচে কে বাজিমাত করে, তা দেখার।
উল্লেখ্য, পাকিস্তান ও নিউজিল্য়ান্ড ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় দুটো দলই একটি করে পয়েন্ট ঝুলিতে পুরেছে।
