মুম্বই: ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) খোলনলচে পুরোপুরি বদলে ফেলতে চলেছে আইসিসি। ফর্ম্যাটে বড়সড় চমক দিতে চলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।
২০২৭ সালে পুরুষদের ওয়ান ডে বিশ্বকাপের আসর বসবে দক্ষিণ আফ্রিকা, জ়িম্বাবোয়ে ও নামিবিয়ায়। ১৪ দলের হবে টুর্নামেন্ট। গ্রুপ পর্বের আগে একটি সুপার সিরিজ় রাউন্ড ঢোকানো হয়েছে। সেমিফাইনালের আগে হবে সুপার সেভেন পর্ব। সব মিলিয়ে পুরোপুরি বদলে যাবে আঙ্গিক।
বুধবার বিশ্বকাপ নিয়ে নতুন ছকের কথা ঘোষণা করল আইসিসি। এডিনবরায় আইসিসি-র বার্ষিক কনফারেন্সের পরে। ১১টি দল মূল পর্বে আগেই ঠিক হয়ে যাবে। ১২, ১৩ ও ১৪তম দল সুপার সিরিজ় খেলবে। সেখান থেকে বিজয়ী দল বারোতম দল হিসাবে মূল পর্বে উঠবে।
মূল পর্বে ১২টি দলকে ৬টি করে রেখে দুটি গ্রুপে ভাগ করা হবে। দুটি গ্রুপ থেকে সেরা তিনটি করে দল ও দুই গ্রুপ মিলিয়ে সেরা চতুর্থ দল সুপার সেভেনের যোগ্যতা অর্জন করবে। সেখান থেকে সেরা চারটি দল যাবে সেমিফাইনালে।
এর আগে ২০১৯ ও ২০২৩ সালে ১০টি করে দেশকে নিয়ে বিশ্বকাপ হয়েছে। তবে ২০২১ সালেই সিদ্ধান্ত হয়েছিল যে, ১৪ দলকে নিয়ে ২০২৭ সালের টুর্নামেন্ট হবে। তবে গ্রুপ পর্বের আগেই সুপার সিরিজ যুক্ত করার অর্থ, সেরা ১২টি দল মূল পর্বে খেলবে। গ্রুপ পর্বে ৩০টি ম্যাচ হবে। আগে কথা ছিল সাতটি করে দল নিয়ে দুটি গ্রুপ করা হবে এবং সেখান থেকে সুপার সিক্সে উঠবে ছয় দল। তারপর সেমিফাইনাল ও ফাইনাল।
তবে তাতে বেশ কিছু একপেশে ম্যাচ হতে পারে বলে আশঙ্কা ছিল অনেকের। সেই কারণেই এই নতুন ফর্ম্যাট। আইসিসি এক বিবৃতিতে বলেছে, ‘টুর্নামেন্টের প্রত্যেক পর্বের প্রতিদ্বন্দ্বিতার মান বাড়াতে এই ফর্ম্যাট ভাবা হয়েছে। সুপার সেভেন পর্বে দারুণ লড়াই হবে বলে আশা করা যায়।’
তবে ২০১৫ সালে ১৪ দলের ও ২০১১ সালে ১৬ দলের ওয়ান ডে বিশ্বকাপ হয়েছিল। পরে ১০ দলের হয়ে যায় টুর্নামেন্ট। অক্টোবর মাসে আইসিসির পরের বৈঠক। সেখানেই ফর্ম্যাট চূড়ান্ত ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। সেখানে পরের আন্তর্জাতিক ক্রীড়াসূচিও প্রকাশিত হবে। প্রাথমিকভাবে ২০২৭ সালের বিশ্বকাপের আয়োজন দক্ষিণ আফ্রিকা, জ়িম্বাবোয়ে ও নামিবিয়ার হাতেই থাকছে বলে খবর।
মোটামুটিভাবে মনে করা হচ্ছে, ১০টি দল সরাসরি যোগ্যতা অর্জন করবে। দুই পূর্ণ সদস্য আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা ও জ়িম্বাবোয়ে এবং ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের প্রথম আট দল। ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের ব়্যাঙ্কিং ধরা হবে। বাকি চার দল নির্ধারিত হবে যোগ্যতা অর্জনকারী পর্ব থেকে।
