সন্দীপ সরকার, কলকাতা: ইডেন গার্ডেন্সে আজ কলকাতা নাইট রাইডার্সের বাঁচার লড়াই। শাহরুখ খান-জুহি চাওলাদের দল প্লে অফে যআবে কি না, তা আজই নির্ধারিত হয়ে যাবে। ইডেনে কেকেআরের সামনে দিল্লি ক্যাপিটালস। যাদের হারাতেই হবে অজিঙ্ক রাহানেদের। এবং সেটাও বিরাট ব্যবধানে। প্রথমে ব্যাট করলে ৭৭ রানে জিততে হবে। পরে ব্যাট করলে ১২.১ ওভারে রান তাড়া করে দিতে হবে। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে, মুম্বই ইন্ডিয়ান্স যেন রাজস্থান রয়্যালসকে হারিয়ে দেয়।
কিন্তু বৃষ্টিতে যদি কেকেআরের ম্যাচ পণ্ড হয়? যদি কালবৈশাখীতে ম্যাচ পরিত্যক্ত হয়? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ব্যাপকভাবে বাড়বে। বৃহস্পতিবার থেকে শনিবার ঝড় বৃষ্টির আরও একটা স্পেল দেখা যাবে দক্ষিণবঙ্গে। শনিবারের মধ্যে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে।
তবে মঙ্গলবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়াই থাকবে। সঙ্গে বিকেল বা রাতে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, রবিবার সূর্যাস্তের পর আচমকা ঝড়বৃষ্টি ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে।
দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে বুধবার পর্যন্ত। তাপমাত্রা না বাড়লেও ফিল লাইক টেম্পারেচার অনেকটা বেশি থাকবে। একইসঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম – এই জেলাগুলিতে গরম এবং অস্বস্তি চরমে থাকবে। কলকাতা সহ বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। একইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমের জেলাগুলিতে বেশি। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে যে কোনও জায়গায় স্বল্প সময়ের ঝড়-বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: আঙুল ভেঙেছে, ইঞ্জেকশন নিয়ে দলকে জেতাতে ঝাঁপাচ্ছেন! ব্রহ্মাস্ত্রকে দেখে মুগ্ধ কেকেআর কোচ
বৃহস্পতিবার থেকে শনিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনা থাকবে কলকাতা সহ সব জেলাতে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আরও পড়ুন: এই ব্যবধানে জিতলেই প্লে অফের টিকিট পাকা! কেকেআরের সামনে কী অঙ্ক, চূড়ান্ত হয়ে গেল
দিল্লির সঙ্গে কেকেআরের ম্যাচ ভেস্তে গেলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। সেক্ষেত্রে কেকেআরের পয়েন্ট হবে ১৪। প্লে অফের দৌড় থেকে ছিটকে যআবেন নাইটরা।
