সন্দীপ সরকার, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে অভিষেক হয়েছে তাঁর। নিয়মিতভাবে ঘণ্টায় ১৪০-১৪৫ কিলোমিটার গতিতে বল করে সাড়া ফেলেছেন ফাস্টবোলার কার্তিক ত্যাগী। ১১ ম্যাচে ৯ পয়েন্ট রয়েছে কেকেআরের ঝুলিতে। প্লে অফে যাওয়ার সামান্যতম আশা জিইয়ে রাখতে বাকি তিন ম্যাচের তিনটিই জিততে হবে নাইটদের। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলের দিকে। ড্রেসিংরুমে এ নিয়ে আলোচনা হচ্ছে? কোচ অভিষেক নায়ার কিংবা মেন্টর ডোয়েন ব্র্যাভোরা এ নিয়ে কী বার্তা দিচ্ছেন ক্রিকেটারদের?
শনিবার ইডেন গার্ডেন্সে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ কেকেআরের। তার আগে প্রশ্নটা করা হয়েছিল কার্তিক ত্যাগীকে। কার্তিক বললেন, ‘ড্রেসিংরুমে অন্যদের ম্যাচ নিয়ে কোনও আলোচনা হচ্ছে না। আমরা নিজেদের বাকি তিন ম্যাচে মনোনিবেশ করছি। আর ম্যাচ ধরে ধরে এগোচ্ছি। একটা একটা করে। নিজেদের দক্ষতায় জোর দিচ্ছি।’
আরও পড়ুন: বহিষ্কার করল ক্যালকাটা পুলিশ ক্লাব, গ্রেফতার হওয়া পুলিশ কর্তাকে নিয়ে কী অবস্থান সিএবি-র?
খাতায় কলমে এখনও টিকে কেকেআরের আশা। বাকি তিন ম্যাচ জিতলে ১৫ পয়েন্টে শেষ করবে নাইটরা। সেক্ষেত্রে প্লে অফে যাওয়ার ক্ষীণ একটা সম্ভাবনা থাকবে। তবে অপেক্ষা করে থাকতে হবে অন্য দলের ফলাফলের ওপর।
আরসিবি ও গুজরাত এখনই ১৬ পয়েন্ট করে পেয়ে গিয়েছে । বাকি দুটি জায়গার জন্য কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ, পঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস । কেকেআর দিল্লিকে হারিয়ে দিলে অক্ষর পটেলরা প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবেন । পঞ্জাব যদি বাকি দুই ম্যাচের একটিতে হেরে যায়, তাহলে কেকেআর-এর সামনে প্লে অফের দরজা খুলে যেতে পারে ।
আরও পড়ুন: বাংলা ক্রিকেট দলের কোচ কে হচ্ছেন? শেষ মুহূর্তে চমক দিয়ে তিনজনের ইন্টারভিউ!
শুক্রবার প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়া লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে জোরাল ধাক্কা খেয়েছে চেন্নাই সুপার কিংস। ১২ ম্যাচে ১২ পয়েন্টে আটকে তারা। পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। সিএসকে লখনউ সুপার জায়ান্টসের কাছে হারায় সুবিধা হয়ে গিয়েছে কেকেআরের। শেষ দুই ম্যাচের মধ্যে একটিতে সিএসকে হারলেও প্লে অফের স্বপ্ন আরও রঙিন হবে কেকেআরের। তবে আগে নিজেদের শেষ তিন ম্যাচ লাগাতার জিততে হবে।
আরও পড়ুন: কেকেআরের উপেক্ষা মনে রাখতে চান না, ছেলের হয়ে গলা ফাটাতে ইডেনে শুভমনের বাবা
